নিজস্ব সংবাদদাতা: ভোটে জিততে প্রচারের শেষ লগ্নে প্রার্থীরা নানা রাজনৈতিক কৌশল অবলম্বন করছেন।
মানুষের মন পেতে শেষ বেলায় তাদের দুয়ারে পৌঁছতেই সকলে একপ্রকার মরিয়া। কিন্তু প্রচারের বদলে বশীকরণের মাধ্যমে ভোট পাওয়ার চেষ্টা করতে বোধ হয় কেউ শোনেনি। এবার এমনই ‘কালাজাদু’র প্রয়োগ করতে দেখা গেল এক বিজেপি প্রার্থীকে। মানুষের মাথার খুলিতে করে মন্ত্রপূত সরষা ছিটিয়ে দিলেন ভোটারদের বাড়ি বাড়ি। এলাকার মানুষের সমস্যা শুনে তার সমাধানের আশ্বাস দেওয়ার মতো প্রচলিত কৌশলের বদলে– ঝাড়ফুঁক, তুকতাক, বশীকরণের উপরেই ভরসা রাখলেন বিজেপি প্রার্থী। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিজেপি প্রার্থীর নামে গ্রামবাসীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রার্থীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের হরিচরণ ভিটার ২১ নম্বর পার্ট এলাকায়। যদিও অভিযুক্ত বিজেপি প্রার্থী সন্তোষ রায় তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান নির্বাচনী লড়াই থেকে তাঁকে সরাতেই তৃণমূল চক্রান্ত করে এমন অভিযোগ তুলছে।
হরিচরণ ভিটার স্থানীয় বাসিন্দা ও তৃণমূল নেতাদের অভিযোগ, বিজেপি প্রার্থী সন্তোষ রায় ভোটপ্রচারে বেড়িয়ে মৃত মানুষের মাথার খুলিতে করে সরষা নিয়ে গিয়ে ভোটারদের বাড়ি বাড়ি ছিটিয়েছেন। স্থানীয় বাসিন্দা টুম্পা রায়, প্রতিমা রায়রা জানান ভোট প্রচারে বাড়ির দুয়ারে বিজেপি প্রার্থী এসেছিলেন বটে, তবে উনি চলে যাওয়ার পর তারা তাদের বাড়ির দুয়ারে সরষে দানা পড়ে থাকতে দেখেন। এর পরই তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতেই বিজেপি প্রার্থীর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর পুলিশের হাতে অভিযুক্ত বিজেপি প্রার্থীকে তুলে দেওয়া হয়।







