দুর্গাপুর: রাজ্যের বিভিন্ন পুরসভায় আধুনিক ও বিজ্ঞানভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই)-এর প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার দুর্গাপুরে সিএমইআরআই পরিদর্শনে এসে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবন ঘুরে দেখেন এবং বিজ্ঞানীদের সঙ্গে বৈঠক করেন।
পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, জৈব বর্জ্য থেকে সার তৈরি, শুকনো পাতা থেকে বিকল্প জ্বালানি উৎপাদন এবং নির্মাণ বর্জ্য পুনর্ব্যবহার করে কম খরচে ইট তৈরির মতো প্রযুক্তি রাজ্যের বিভিন্ন পুরসভায় কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, রাজ্য সরকার প্রয়োজনীয় জমি দেবে এবং সিএমইআরআই প্রযুক্তিগত জ্ঞান, প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা প্রদান করবে। এই যৌথ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য বৈজ্ঞানিক উপায়ে প্রক্রিয়াকরণ করে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তোলা হবে।
মন্ত্রী দাবি করেন, বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহারের মাধ্যমে যেমন পরিবেশ দূষণ কমানো সম্ভব হবে, তেমনই পুনর্ব্যবহারযোগ্য উপাদান থেকে রাজস্ব আয়ের নতুন সুযোগও তৈরি হবে। তাঁর মতে, আধুনিক প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ রাজ্যের নগর এলাকাগুলিতে পরিচ্ছন্নতা ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এদিন অগ্নিমিত্রা পাল আরও বলেন, অতীতে কেন্দ্রের গবেষণা ও প্রযুক্তিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের মধ্যে এমন ধারণা তৈরি করা হয়েছিল যে কেন্দ্র বাংলাকে বঞ্চিত করছে। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তাঁর কথায়, “এখন সবাই বুঝতে পারছেন কেন ডবল ইঞ্জিনের সরকার দরকার বলেছিলাম।”
মন্ত্রী জানান, নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই সিএমইআরআই-কে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য নিষ্পত্তির প্রকল্পে এই প্রযুক্তি ধাপে ধাপে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।







