প্রথম স্ত্রীকে লুকিয়ে দ্বিতীয় বিয়ে। খবর পেয়ে প্রতিবাদ করেছিলেন প্রথম স্ত্রী। তার জেরেই তাঁকে গলা টিপে খুনের চেষ্টা স্বামীর! ইতিমধ্যেই পুলিশের জালে অভিযুক্ত প্রোমোটার। আগেই বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল সে। এবার উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট মহিলা থানার আধিকারিকরা স্ত্রীকে খুনের চেষ্টা ও বধূ অত্যাচারের মামলায় তাকে নিজেদের হেপাজতে নিলেন ।
পুলিশী সূত্রে খবর অভিযুক্ত যুবকের নাম ফাইক আলম। ওই যুবক পেশায় একজন প্রোমোটার।উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার কেশবচন্দ্র সেন স্ট্রিটের বাসিন্দা। কয়েক বছর আগে প্রথম বিয়ে করেছিলেন ফাইক। প্রথমে দম্পতির মধ্যে সম্পর্ক ভালোই চলছিল। কিন্তু গত কয়েক মাস ধরে স্বামীর আচরণে সন্দেহ হয় স্ত্রীর। স্বামী প্রায়ই বাড়ি থেকে বাইরে বেরিয়ে যেতেন। স্বামীর অলক্ষ্যে তাঁর মোবাইলে অন্য এক মেয়ের ছবি দেখে ওই গৃহবধূর সন্দেহ হয়। এরপরই তিনি জানতে পারেন যে, তাঁর স্বামী অন্য সম্পর্কে লিপ্ত। এই ব্যাপারে দম্পতির মধ্যে সাংসারিক অশান্তি চলতেই থাকে।
তবে কিছুদিন আগে স্ত্রীর কাছে খবর আসে যে, তাঁর স্বামী ওই মেয়েটিকে বিয়ে করেছেন। এর পরই দম্পতির মধ্যে কথা কাটাকাটি চরমে ওঠে। অভিযোগ, তারই জেরে স্ত্রীকে প্রথমে অভিযুক্ত মারধর করে। স্ত্রী প্রাণ বাঁচাতে চাইলে তাঁর গলা টিপে তাঁকে খুনের চেষ্টা করে স্বামী। আমহার্স্ট স্ট্রিট মহিলা থানায় ফাইকের স্ত্রী তাঁর স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেওরের বিরুদ্ধে খুনের চেষ্টা ও বধূ অত্যাচারের অভিযোগ দায়ের করেন। পুলিশের সূত্র জানিয়েছে, এর আগেও ফাইকের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল।







