ক্রাইম

হাসনাবাদে চাঞ্চল্য: দু’মাসের শিশুকন্যাকে পুকুরে ফেলে হত্যার অভিযোগে গ্রেফতার নাবালিকা মা

উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার বলদেপোতা এলাকায় দু’মাসের এক শিশুকন্যার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের পর শিশুটির নিজের মাকেই গ্রেফতার করেছে হাসনাবাদ থানার পুলিশ। অভিযুক্তের বয়স ১৭ বছর হওয়ায় তাঁকে কিশোর বিচার আইনের আওতায় আদালতে পেশ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, শিশুকন্যা ফিজা মণ্ডল (২ মাস) বারান্দায় খাটে শুয়ে ছিল। মা বাথরুমে যাওয়ার পর ফিরে এসে দেখেন, শিশুটি আর সেখানে নেই। এরপর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং খবর দেওয়া হয় হাসনাবাদ থানায়।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তল্লাশি চালায়। পরে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হলেও, গত দু’দিন ধরে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন তথ্য-প্রমাণ বিশ্লেষণের পর পুলিশের সন্দেহ ঘনীভূত হয়। অবশেষে সোমবার রাতে শিশুটির মাকেই গ্রেফতার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, শিশুটির বাবা কর্মসূত্রে ভিনরাজ্যে থাকতেন। শিশুর দুধ ও অন্যান্য প্রয়োজনীয় খরচের জন্য বাবার কাছে বারবার টাকা চাইতে হওয়ায় অভিযুক্ত মানসিকভাবে বিরক্ত হয়ে পড়েছিলেন বলে তদন্তকারীদের অনুমান। সেই কারণেই তিনি শিশুটিকে সকলের অগোচরে পুকুরে ফেলে দেন বলে অভিযোগ। যদিও ঘটনার পর তদন্তকে ভিন্ন খাতে ঘোরানোর চেষ্টা করা হয়েছিল বলে পুলিশ সূত্রের দাবি।

তবে এই সম্ভাব্য উদ্দেশ্য (মোটিভ) এখনও তদন্তাধীন এবং আদালতে প্রমাণিত হয়নি। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বলদেপোতা এলাকায়। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.