ক্রাইম

ইনস্টাগ্রাম রিলেই ফাঁস চুরির রহস্য! ১০ লক্ষ টাকার গয়না পরে ভিডিও, গ্রেফতার পরিচারিকা

প্রায় এক বছর আগে বাড়ি থেকে উধাও হয়েছিল প্রায় ১০ লক্ষ টাকার সোনা ও হিরের গয়না। দীর্ঘদিন কোনও সূত্র না মিললেও শেষ পর্যন্ত একটি ইনস্টাগ্রাম রিলই ফাঁস করে দিল চুরির রহস্য। চুরি যাওয়া গয়না পরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করায় অভিযুক্ত পরিচারিকাকে গ্রেফতার করেছে উত্তরাখণ্ডের দেরাদুন পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেরাদুনের রাজপুর থানার বাসিন্দা নীতিশা বৎস অভিযোগ করেন, জাখানের ভগীরথীপুরম এলাকার তাঁর বাড়ি থেকে দু’টি হিরে বসানো আংটি, একটি সোনার চেন, ডায়মন্ড হার্ট পেনড্যান্ট, একটি ডায়মন্ড নেকলেস এবং সোনার লকেট-সহ একাধিক মূল্যবান গয়না নিখোঁজ হয়ে যায়। প্রথম থেকেই তাঁর সন্দেহ ছিল বাড়ির পরিচারিকা বিমলা দেবীর ওপর। তবে জিজ্ঞাসাবাদের সময় বিমলা অভিযোগ অস্বীকার করেন। এমনকি থানায় অভিযোগ জানাতেও রাজি হওয়ায় সন্দেহ কিছুটা কমে যায়।

গত ২৯ জুন মামলায় নতুন মোড় আসে। নীতিশার এক পরিচিত ব্যক্তি বিমলার ইনস্টাগ্রাম রিল ও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে তাঁকে এমন কিছু গয়না পরে দেখতে পান, যা নীতিশার হারানো গয়নাগুলির সঙ্গে হুবহু মিলে যায়। ছবি ও ভিডিও দেখে নীতিশাও সেগুলি নিজের বলে শনাক্ত করেন। এরপর নতুন করে অভিযোগ দায়ের হলে ১ জুলাই মামলা রুজু করে তদন্ত শুরু করে রাজপুর থানার পুলিশ।

শুক্রবার দেরাদুনের জোহরি রোড এলাকা থেকে বিমলা দেবীকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ডায়মন্ড নেকলেস, সোনার লকেট, দুটি সোনার আংটি, একটি সোনার পেনড্যান্ট এবং একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। জেরায় অভিযুক্ত চুরির কথা স্বীকার করেছেন বলেও তদন্তকারীরা জানিয়েছেন। কীভাবে চুরি করা গয়না দীর্ঘদিন নিজের কাছে রেখেছিলেন এবং অন্য কেউ এই ঘটনায় জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.