চিনের পশ্চিমাঞ্চলের কানসু (গানসু) প্রদেশে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ১৬ জন মাটির নিচে চাপা পড়েছেন। প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামতেই এই বিপর্যয় ঘটে। দুর্ঘটনার পর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে প্রশাসন।
চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রথমে মোট ৩৩ জন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন। তাঁদের মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজদের খোঁজে উদ্ধারকারী দল, দমকলকর্মী এবং জরুরি পরিষেবার সদস্যরা নিরলসভাবে তল্লাশি চালাচ্ছেন।
এদিকে, দেশজুড়ে চলা প্রবল ঝড়-বৃষ্টি ও দুর্যোগে একাধিক প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক বিপর্যয়ে অন্তত ২৭৫ জন আহত হয়েছেন। ভারী বৃষ্টির কারণে নতুন করে ভূমিধস ও বন্যার আশঙ্কাও তৈরি হয়েছে।
চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত উদ্ধার ও ত্রাণকাজ জোরদারের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিখোঁজদের দ্রুত খুঁজে বের করে নিরাপদে উদ্ধার করতে প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।







