বিদেশ

স্বামীর কথা বলতে গিয়ে মুখে ট্রাম্পের নাম! প্রথম সাংবাদিক বৈঠকেই অস্বস্তিতে হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব

প্রথম সাংবাদিক বৈঠকেই মুখ ফসকে এমন মন্তব্য, যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। নিজের স্বামীর কথা বলতে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম বলে ফেললেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জাকারিয়া। মুহূর্তের মধ্যে সেই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। নতুন দায়িত্বে তাঁর প্রথম সাংবাদিক বৈঠকের এই ঘটনাই এখন আলোচনার কেন্দ্রে।

গত ৯ অক্টোবর ক্যারোলিন লেভিটের উত্তরসূরি হিসেবে কেটি জাকারিয়ার নাম ঘোষণা করেন ট্রাম্প। এর পর মঙ্গলবার, ১৩ অক্টোবর হোয়াইট হাউসের ঐতিহাসিক ব্রিফিং রুমে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথম এই সাংবাদিক বৈঠকে প্রশাসনের নীতি ও সাফল্যের কথা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন নতুন প্রেস সচিব।

সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, চার সন্তানকে সামলে হোয়াইট হাউসের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কাজের চাপ কী ভাবে সামলাবেন তিনি? উত্তরে নিজের পারিবারিক জীবনের প্রসঙ্গ টানেন কেটি। সন্তানদের সঙ্গে সন্ধ্যার সময় কাটানো যে তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বোঝাতে গিয়েই ঘটে বিপত্তি।

নিজের স্বামীর কথা বলতে গিয়ে আচমকাই ট্রাম্পের নাম উচ্চারণ করে বসেন তিনি। সঙ্গে সঙ্গেই ভুল বুঝতে পেরে বলেন, ‘ক্ষমা করবেন, আমার স্বামী!’ পরিস্থিতি সামলাতে রসিকতার সুরে আরও মন্তব্য করেন, ‘বেশ ভালই হল এটা!’ এর পর আবার ট্রাম্পের প্রশংসায় সরব হন তিনি। আমেরিকার ইতিহাসে ট্রাম্পকে ‘সবচেয়ে পরিবারবান্ধব প্রেসিডেন্ট’ বলেও উল্লেখ করেন নতুন প্রেস সচিব।

প্রায় ১৪ মিনিটের ওই সাংবাদিক বৈঠকে এই ছোট্ট মুহূর্তটিই বিশেষভাবে নজর কেড়েছে। কেটির মুখ ফসকে বেরিয়ে আসা মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে শুরু হয় নানা প্রতিক্রিয়া। নতুন দায়িত্বে প্রথম সাংবাদিক বৈঠকেই এমন ঘটনা তাঁর বক্তব্যের বাকি অংশকে ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.