পশ্চিমবঙ্গে শিল্পোন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে হাওড়া জেলার ধূলাগড়ের সাঁকরাইলে সমবায় ভিত্তিক দুগ্ধ সংস্থা ‘আমূল’-এর ৭০০ কোটি টাকার অত্যাধুনিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের উদ্যোগ এবং রাজ্য সরকারের সহযোগিতায় গড়ে ওঠা এই প্রকল্পকে রাজ্যের কৃষি, দুগ্ধশিল্প ও সামগ্রিক অর্থনীতির জন্য একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে তুলে ধরেন উপস্থিত বক্তারা।
শিল্প ও বিনিয়োগে নতুন সম্ভাবনা
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শমীক ভট্টাচার্য বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্ব এবং রাজ্য সরকারের সক্রিয় ভূমিকার ফলে পশ্চিমবঙ্গে শিল্পায়নের নতুন পরিবেশ তৈরি হয়েছে। তাঁর কথায়, “‘বেঙ্গল মিনস বিজনেস’ বা ‘ডেস্টিনেশন বেঙ্গল’ আর শুধুই প্রচারের স্লোগান নয়, তা বাস্তবে রূপ নিতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে রাজ্য থেকে শিল্প ও পুঁজি অন্যত্র সরে যাওয়ার যে প্রবণতা ছিল, তা এখন অতীত। বাংলার দক্ষ মানবসম্পদ, উর্বর কৃষিজমি এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গ বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।”
গুজরাটের সফল সমবায় মডেলের অন্যতম প্রতিষ্ঠান আমূলের রাজ্যে আরও বিস্তৃত উপস্থিতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “সোনার বাংলা গঠনের লক্ষ্য বাস্তবায়নের পথে এটি একটি বড় পদক্ষেপ। ভবিষ্যতে আরও বহু শিল্পগোষ্ঠী পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহ দেখাবে।”
শ্বেত বিপ্লবের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির শক্তি বৃদ্ধি
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে রাজ্যের কৃষক ও দুগ্ধ উৎপাদকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে পৃথক সমবায় ও মৎস্য মন্ত্রক গঠনের সুফল দেশজুড়ে মিলছে। তাঁর মতে, গুজরাটের সফল সমবায় মডেল প্রমাণ করেছে যে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় ব্যবস্থাই সবচেয়ে কার্যকর পথ।
তিনি জানান, মাত্র ১১টি প্রাথমিক সমবায় সমিতি এবং প্রতিদিন পাঁচ হাজার কেজি দুধ সংগ্রহের মাধ্যমে যাত্রা শুরু করা আমূল এখন পশ্চিমবঙ্গে ৮৮০টি ডেয়ারি সমবায় সমিতির মাধ্যমে প্রতিদিন প্রায় সাড়ে ৯ লক্ষ কেজি দুধ সংগ্রহ করছে। এই ব্যবস্থার সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে যুক্ত রয়েছেন প্রায় ১ লক্ষ ২৫ হাজার কৃষক, যার মধ্যে প্রায় ৩০ হাজার মহিলা। তাঁর মতে, ধূলাগড়ের নতুন প্রকল্প চালু হলে রাজ্যে শ্বেত বিপ্লবের পাশাপাশি বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি দইকে কেন্দ্র করে নতুন বাণিজ্যিক সম্ভাবনারও সূচনা হবে।
উত্তর ও দক্ষিণবঙ্গে আরও দুটি আইসক্রিম কারখানার প্রস্তাব
শিল্প সম্প্রসারণের লক্ষ্যেই মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং গুজরাট কো-অপারেটিভ মিল্ক ফেডারেশনের প্রতিনিধিদের কাছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আরও দুটি বৃহৎ আইসক্রিম উৎপাদন কেন্দ্র স্থাপনের আবেদন জানান।
তিনি বলেন, আগের সরকারের সময়ে এই ধরনের প্রকল্পগুলি এগোয়নি। তবে বর্তমান সরকার প্রয়োজনীয় জমি দিতে সম্পূর্ণ প্রস্তুত। প্রতিটি প্রকল্পের জন্য ১৫ একর করে জমি বরাদ্দ করা হবে বলেও তিনি আশ্বাস দেন। তাঁর দাবি, এই দুটি কারখানা গড়ে উঠলে দুধ উৎপাদক কৃষকদের আয় যেমন বাড়বে, তেমনই দক্ষ, আধা-দক্ষ ও অদক্ষ শ্রমিকদের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি প্রায় ১০ থেকে ১৫ হাজার হকার ও খুচরো বিক্রেতাও এর মাধ্যমে উপকৃত হবেন। এর ফলে রাজ্যের জিএসটি আদায়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।







