সপ্তাহের শুরুতেই রাজ্যের আবহাওয়ায় মেঘলা আমেজ। সোমবার ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হলেও তার প্রভাবে এখনও রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদিন আকাশ মূলত মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকায় বজ্রপাতের সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। তাই খোলা জায়গায় অপ্রয়োজনে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এই পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি নদীগুলির জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি, দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস। দক্ষিণবঙ্গেও মাঝারি বৃষ্টির প্রবণতা বজায় থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকবে। আবহাওয়ার পরিবর্তিত পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজন ছাড়া দুর্যোগপূর্ণ এলাকায় যাতায়াত এড়ানোর পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।







