কেন্দ্রদেশ

আলোচনার পথে কেন্দ্র? নড্ডার সঙ্গে বৈঠকে সিজেপি প্রতিনিধি, মিছিলে যোগ দিতে হাসপাতাল থেকে ছুটির আবেদন সোনম ওয়াংচুকের

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচির মধ্যেই নতুন মোড়। দলের দাবি, অবশেষে তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে কেন্দ্র। সেই অনুযায়ী, সিজেপি-র প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডার সঙ্গে বৈঠকের উদ্দেশে রওনা দিয়েছেন।

যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও সিজেপি নেতৃত্বের দাবি, সোমবার সকালে সরকারের তরফে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং বৈঠকের জন্য সময় দেওয়া হয়। সমাজমাধ্যমে সৌরভ দাস জানান, তরুণ প্রজন্মের বিপুল সমর্থন তাঁদের আন্দোলনকে আরও শক্তিশালী করেছে এবং আন্দোলনের মূল দাবিগুলি সরকারের সামনে স্পষ্টভাবে তুলে ধরা হবে।

অন্যদিকে, অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকও সংসদ ভবন অভিযানে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বর্তমানে তিনি দিল্লির সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার হাসপাতালের ডিরেক্টরের উদ্দেশে লেখা এক চিঠিতে তিনি জানান, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং প্রয়োজনীয় সমস্ত স্বাস্থ্য সূচক স্বাভাবিক রয়েছে। তাই সাময়িক সময়ের জন্য তাঁকে হাসপাতাল থেকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়ার আবেদন জানান, যাতে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতে পারেন।

চিঠিটির ছবি সমাজমাধ্যমেও প্রকাশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, যদি ওয়াংচুককে জোর করে আটকে রাখা না হয়ে থাকে, তবে তাঁকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না কেন— সেই প্রশ্নই উঠছে।

উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, নিট পরীক্ষার প্রশ্নফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ২৮ জুন থেকে যন্তর মন্তরে অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। গত শনিবার অনশনের ২১তম দিনে তাঁকে সেখান থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরের আবেদন জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। যদিও সিঙ্গল বেঞ্চে সেই আবেদন খারিজ হয়েছে। পরে তিনি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন।

সোমবারের সংসদ ভবন অভিযানে প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতির দাবি করেছে সিজেপি। ওয়াংচুকের অনুরোধে দলের প্রধান অভিজিৎ দীপ তাঁর অনশন প্রত্যাহার করেছেন। একইসঙ্গে যন্তর মন্তরে অনশনরত তিন ছাত্রনেতাও তাঁদের অনশন শেষ করেছেন। এখন সকলের নজর নড্ডা-সিজেপি বৈঠকের দিকে। এই বৈঠক আন্দোলনের ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যায়, সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.