ক্রাইম

মালদায় সহকর্মীর গুলিতে নিহত ২ বিএসএফ জওয়ান, গুরুতর আহত আরও ১; তদন্তে পুলিশ

মালদা: মালদার বৈষ্ণবনগরে বিএসএফের ক্যাম্পে চাঞ্চল্যকর ঘটনা। সহকর্মীর গুলিতে মৃত্যু হয়েছে দুই বিএসএফ জওয়ানের। গুরুতর আহত হয়েছেন আরও এক জওয়ান। তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর গোটা ক্যাম্পে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।

প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি বৈষ্ণবনগরে বিএসএফের ১১৯ নম্বর ব্যাটেলিয়ন এবং ৭১ নম্বর ব্যাটেলিয়নের সদর দফতর এলাকায় ঘটে। অভিযোগ, ১১৯ নম্বর ব্যাটেলিয়নের এক জওয়ান আচমকাই ৭১ নম্বর ব্যাটেলিয়নের সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। সেই গুলিতেই দুই জওয়ানের মৃত্যু হয় এবং আরও একজন গুরুতর জখম হন।

নিহতদের মধ্যে রয়েছেন অজয় কুমার সিং (৫১)। তাঁর বাড়ি বিহারের ছাপরা জেলার মানঝি এলাকায়। অপর নিহত জওয়ান আম্বদর সুরেশ দরগু (৩৭), মহারাষ্ট্রের গাঁড চিলোনি এলাকার বাসিন্দা। আহত জওয়ানের নাম বিকাশ ব্রহ্ম (৪৪)। তাঁর বাড়ি হুগলি জেলার কোলবা থানার মহান্দা গ্রামে। বর্তমানে তিনি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের তরফে তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে।

কী কারণে এই গুলি চালানোর ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে সহকর্মীদের মধ্যে কোনও বিবাদ, নাকি অন্য কোনও কারণ এই ঘটনার নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বিএসএফের পক্ষ থেকেও বিভাগীয় তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার জেরে সীমান্তরক্ষী বাহিনীর মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.