রাজনীতি

অভিষেকের বাবাকে নথি-সহ তলব কলকাতা পুরসভার, কালীঘাটের বাড়ির নির্মাণে নজর

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটের বাড়ি সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির হওয়ার নির্দেশ দিল কলকাতা পুরসভা। শুক্রবার তাঁকে আলিপুরের ৯ নম্বর বরো অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে। মূলত কালীঘাট এলাকার দুটি বাড়ির অনুমোদিত নকশা এবং নির্মাণ-সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ হয়েছে কি না, যাচাই পুরসভার

পুরসভা সূত্রের দাবি, সংশ্লিষ্ট বাড়িগুলি অনুমোদিত বিল্ডিং প্ল্যান মেনে তৈরি হয়েছে কি না, তা যাচাই করতেই এই তৎপরতা। অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত নির্মাণ বা কোনও ধরনের অনিয়ম রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগেই পুরসভার ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে জমি ও ভবনের পরিমাপ করেন। সেই পর্ব শেষ হওয়ার পর পরিবারের সদস্যদের নোটিস পাঠানো হয়েছিল। এবার প্রয়োজনীয় সমস্ত নথি নিয়ে অমিত বন্দ্যোপাধ্যায়কে বরো অফিসে হাজির হতে বলা হয়েছে।

নোটিসের বিরুদ্ধে আগেই আদালতের দ্বারস্থ পরিবার

এর আগে গত মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক ঠিকানায় নোটিস পাঠিয়েছিল কলকাতা পুরসভা। সেই নোটিসের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের দাবি, ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট-সহ সংশ্লিষ্ট সমস্ত সম্পত্তি আইন মেনেই নির্মিত হয়েছে। তাই পুরসভার পাঠানো নোটিস বাতিলের আবেদনও জানানো হয় আদালতে।

তদন্তের আওতায় ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’-এর সম্পত্তিও

শুধু আবাসন নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’-এর মালিকানাধীন কয়েকটি সম্পত্তিও পুরসভার নজরে রয়েছে। কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের ভবনগুলির ক্ষেত্রে পুর আইনের ৪০১ ধারায় নোটিস জারি করা হয়েছে। সেখানে অনুমোদিত বিল্ডিং প্ল্যান, অতিরিক্ত নির্মাণের অনুমতি এবং সংশ্লিষ্ট নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অমিত বন্দ্যোপাধ্যায় ওই সংস্থার অন্যতম ডিরেক্টর। এর আগে নথিপত্র পর্যালোচনার জন্য সংস্থার পক্ষ থেকে পুরসভার কাছে অতিরিক্ত সময় চাওয়া হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.