দেশ

নিট-ইউজি আন্দোলন ঘিরে নতুন বিতর্ক, প্রতিবাদীদের মুক্তির দাবিতে কেন্দ্রকে কড়া বার্তা ককরোচ জনতা পার্টির

নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। ২৬ দিনের দীর্ঘ অনশন শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বিশিষ্ট পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। একই সময়ে, বিভিন্ন রাজ্যে প্রতিবাদীদের আটক ও গ্রেফতারির ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের আহ্বায়ক সৌরভ দাস জানিয়েছেন, কেন্দ্র যদি দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করে, তবে দেশের তরুণ সমাজ তা মেনে নেবে না।

হাসপাতাল থেকে বেরিয়েই রাজঘাটে

দীর্ঘ ২৬ দিন অনশনের ফলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল সোনম ওয়াংচুককে। কেন্দ্রের আশ্বাস পাওয়ার পর তিনি অনশন প্রত্যাহার করেন। সোমবার গুরুগ্রামের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ওয়াংচুক জানান, তিনি সরাসরি লাদাখে ফিরছেন না।

লাদাখে রওনা হওয়ার আগে তিনি দিল্লির রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। এরপর নিজের রাজ্যে ফিরে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি কেন্দ্রের আশ্বাসের প্রতি আস্থা রাখার আহ্বান জানাবেন।

প্রতিবাদীদের গ্রেফতারি নিয়ে ক্ষোভ

এদিকে পশ্চিমবঙ্গ, অসম ও বিহার-সহ একাধিক রাজ্যে আন্দোলনকারী ছাত্রছাত্রী ও প্রতিবাদীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে ককরোচ জনতা পার্টি। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় দলের আহ্বায়ক সৌরভ দাস বলেন, এসব রাজ্যে আন্দোলনকারীদের আটক ও গ্রেফতারের খবর অত্যন্ত উদ্বেগজনক।

তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে বিজেপি বা এনডিএ শাসিত রাজ্যগুলিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে না। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই দেশব্যাপী আন্দোলন স্থগিত করা হয়েছিল।

এফআইআর প্রত্যাহারের দাবি

দলের তরফে জানানো হয়েছে, প্রথম দিন থেকেই তাদের আইনি টিম সক্রিয় রয়েছে। সংশ্লিষ্ট রাজ্যগুলির আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করে ধৃতদের আইনি সহায়তা এবং জামিনের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়ে অবিলম্বে আটক আন্দোলনকারীদের মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহারের দাবি তোলা হয়েছে। মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে কেন্দ্রের লিখিত নিশ্চয়তাও চাওয়া হয়েছে।

‘প্রতিশ্রুতি ভঙ্গ হলে ক্ষুব্ধ হবে যুবসমাজ’

ককরোচ জনতা পার্টির বক্তব্য, সরকারের আশ্বাসের উপর ভরসা করেই আন্দোলন স্থগিত করা হয়েছিল। সেই প্রতিশ্রুতি ভঙ্গ হলে তা শুধু দলের সঙ্গে নয়, দেশের অসংখ্য তরুণ-তরুণীর বিশ্বাসের সঙ্গেও প্রতারণা হবে।

আন্দোলনরত ছাত্রছাত্রীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে সিজেপি নেতৃত্ব জানিয়েছে, তারা পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। তবে মঙ্গলবারের মধ্যে যদি সমস্ত ধৃতদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির পথে হাঁটতে বাধ্য হবে দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.