প্রধানমন্ত্রী হিসেবে শেষ সাংবাদিক বৈঠকে ডঃ মনমোহন সিং বলেছিলেন, ‘সমকালীন সংবাদমাধ্যম ও বিরোধীদের তুলনায় ইতিহাস আমার প্রতি অনেক বেশি ন্যায়সঙ্গত হবে।’ সময়ের সঙ্গে সঙ্গে তাঁর সেই মন্তব্য যেন আরও সত্যি প্রমাণিত হচ্ছে। কমনওয়েলথ গেমস, টু-জি স্পেকট্রাম বিতর্কের পর এবার কোলব্লক বা ‘কোলগেট’ মামলাতেও কার্যত সম্পূর্ণ স্বস্তি মিলল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর।
২০১২ সালে ইউপিএ সরকারের শেষ পর্যায়ে ওড়িশার তালাবিরা কয়লাখনি বরাদ্দকে ঘিরে অনিয়মের অভিযোগ সামনে আসে। অভিযোগ ওঠে, কয়লা ব্লক বণ্টনে নিয়মভঙ্গ হয়েছে। বিতর্ক বাড়তেই একাধিক কোলব্লকের বরাদ্দ বাতিল করা হয়। বিষয়টি নিয়ে তৎকালীন ইউপিএ সরকারের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। সেই সময়ের কয়লামন্ত্রী, সরকারের কয়েকজন শীর্ষ আমলা এবং প্রধানমন্ত্রীর দপ্তরের ভূমিকাও প্রশ্নের মুখে পড়ে।
অবশেষে সেই বহুল আলোচিত কোলগেট মামলায় মনমোহন সিংকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। জীবদ্দশায় তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলির মধ্যে এটিই ছিল একমাত্র মামলা, যেখানে তাঁকে অভিযুক্ত হিসেবে তলব করা হয়েছিল। তবে তদন্তের পর সিবিআই জানায়, তাঁকে অভিযুক্ত করার মতো পর্যাপ্ত প্রমাণ তাদের হাতে নেই। সেই কারণেই চূড়ান্ত ক্লোজার রিপোর্টে মনমোহন সিংয়ের নাম অভিযুক্তের তালিকায় রাখা হয়নি।
সেই ক্লোজার রিপোর্টই গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, সিবিআইয়ের রিপোর্ট খারিজ করার মতো কোনও গ্রহণযোগ্য ভিত্তি আদালতের সামনে নেই। আদালতের পর্যবেক্ষণ, এই মামলার নিষ্পত্তি অনেক আগেই নিম্ন আদালতেই হওয়া উচিত ছিল। পাশাপাশি আদালত উল্লেখ করেছে, মনমোহন সিং ২০২৪ সালে প্রয়াত হয়েছেন, ফলে তাঁর বিরুদ্ধে এই মামলার আর কোনও বাস্তবিক তাৎপর্য নেই। একই সঙ্গে ক্লোজার রিপোর্ট বাতিল করার মতো শক্তিশালী প্রমাণও পাওয়া যায়নি। এর ফলে, মৃত্যুর দু’বছর পর কোলগেট বিতর্কের অভিযোগ থেকেও কার্যত মুক্তি পেলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং।







