দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভের পর এই প্রথম প্রকাশ্যে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এর আগে জেন-জি-র উদ্দেশে সোশাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন তিনি। তবে শনিবার দিল্লি আইআইটির সমাবর্তন অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে নতুন প্রজন্মের উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। প্রায় তিন হাজার জেন-জি-র সামনে দাঁড়িয়ে মোদি স্পষ্ট করে জানালেন, প্রশ্ন তোলার অধিকার প্রত্যেকের রয়েছে। তবে একইসঙ্গে দেশের প্রতি নিজের দায়িত্বের কথাও মনে রাখতে হবে। সেই দায়িত্ব পালনে প্রতিটি প্রজন্মকেই এগিয়ে আসতে হবে।
দিল্লি আইআইটির সমাবর্তনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, ছাত্রজীবন এবং কর্মজীবনের বাস্তবতা এক নয়। ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে জীবনের আসল পরীক্ষার মুখোমুখি হতে হয় প্রত্যেককে। সেই পরীক্ষার ধরনও সম্পূর্ণ আলাদা। সেখানে প্রশ্ন যেমন নিজেকেই করতে হয়, তেমনই উত্তরও খুঁজে নিতে হয় নিজের ভিতর থেকে।
মোদির কথায়, প্রশ্ন করা অবশ্যই জরুরি। কিন্তু জীবনের প্রতিটি সমস্যার সমাধানও নিজের চেষ্টাতেই খুঁজে নিতে হবে। বাস্তব জীবনের লড়াইয়ে কোনও নির্দিষ্ট প্রশ্নপত্র বা সিলেবাস থাকে না। বরং অনেক কিছুই থাকে ‘আউট অফ সিলেবাস’। তাই যে প্রতিনিয়ত শেখার চেষ্টা করবে, শেষ পর্যন্ত সাফল্য তারই হবে।
নতুন প্রজন্মের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের প্রতি দায়িত্ব পালনের বিষয়টি কোনওভাবেই ভুলে গেলে চলবে না। আগের প্রজন্মের দীর্ঘ লড়াইয়ের ফলেই দেশ স্বাধীনতা পেয়েছে। আর আজকের আত্মনির্ভর ভারতের যুবসমাজের সামনে রয়েছে অনেক বেশি সুযোগ ও সম্ভাবনা। দেশের তরুণ প্রজন্ম যত এগিয়ে যাবে, ততই এগিয়ে যাবে ভারত। একইসঙ্গে যুবসমাজের প্রতি আস্থার কথা জানিয়ে মোদি বলেন, দেশের উন্নয়নে তাঁদের প্রয়োজন এবং তাঁদের উপর তাঁর পূর্ণ ভরসা রয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, নিট বিক্ষোভের পর থেকেই জেন-জি-র সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। শনিবার দিল্লি আইআইটির অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হয়ে নতুন প্রজন্মের ভাষায় তাঁদের দেশের প্রতি দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়া সেই প্রচেষ্টারই অংশ বলে মনে করা হচ্ছে।
এদিন দিল্লি আইআইটির সমাবর্তন অনুষ্ঠানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর উচ্চক্ষমতাসম্পন্ন সুপারকম্পিউটার ‘পরম প্রজ্ঞা’রও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনিই ছিলেন প্রধান অতিথি। তিন হাজারেরও বেশি স্নাতক স্তরের পড়ুয়া এবং প্রায় ৫৮৭ জন পিএইচডি গবেষক প্রধানমন্ত্রীর হাত থেকে ডিগ্রির শংসাপত্র গ্রহণ করেন।
এছাড়াও ‘প্রেসিডেন্টস গোল্ড মেডেল’, ‘ডিরেক্টর্স গোল্ড মেডেল’, ‘শঙ্করদয়াল শর্মা গোল্ড মেডেল’ এবং ‘পারফেক্ট টেন গোল্ড মেডেল’-এর মতো আইআইটি দিল্লির অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার কৃতী পড়ুয়াদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।
আইআইটি দিল্লির সোনপত ক্যাম্পাসে বর্তমানে রয়েছে অত্যাধুনিক সুপারকম্পিউটার ‘পরম প্রজ্ঞা’। বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন জটিল সমস্যা সমাধানে গবেষক, শিক্ষক এবং পড়ুয়াদের কাজে এই সুপারকম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে। অত্যাধুনিক এই প্রযুক্তি আইআইটি দিল্লির গবেষণা পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে।







