রাজ্যে পরপর জঙ্গি সন্দেহে গ্রেফতারির মধ্যেই এবার বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করল রাজ্য পুলিশের STF। ধৃতের নাম রানা রাউত, ওরফে ওয়াহাব আলম। তাঁর কাছ থেকে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড-সহ একাধিক নথি উদ্ধার হয়েছে বলে STF সূত্রে খবর।
তদন্তকারীদের দাবি, ওই জাল নথিগুলি এ রাজ্যেই তৈরি করা হয়েছিল। সেই সূত্র ধরে কলকাতার তপসিয়া এলাকা থেকে আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। জাল পরিচয়পত্র তৈরির পিছনে তাঁর ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
STF সূত্রে আরও দাবি, ২০১২ সালে নেপাল হয়ে ভারতে ঢুকেছিল রানা। এরপর দীর্ঘদিন ধরে এ রাজ্যে অবস্থান করে সে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর হয়ে কাজ করছিল কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে ভারতীয় রেল ও সেনাবাহিনী সংক্রান্ত তথ্য সংগ্রহের অভিযোগে।
কেন রেল ও সেনাবাহিনীর উপর নজর রাখা হচ্ছিল? কোনও গুরুত্বপূর্ণ স্থাপনা বা নিরাপত্তা ব্যবস্থার তথ্য কি সংগ্রহ করা হয়েছিল? বড় কোনও নাশকতার পরিকল্পনা ছিল কি? আপাতত এই প্রশ্নগুলির উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ধৃতকে জেরা করে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে।
এর মধ্যেই বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে জঙ্গি সন্দেহে হামিদ মণ্ডল গ্রেফতারের ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। STF-এর দাবি, পাকিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগাযোগের তথ্য মিলেছিল। হামিদের বান্ধবী অর্পিতা সরকার এবং সহযোগী আদিত্য সিংকেও গ্রেফতার করা হয়েছে।
পরপর এই ঘটনাগুলির মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফলে পাক নাগরিককে ঘিরে তদন্ত যত এগোচ্ছে, ততই বাড়ছে চাঞ্চল্য।







