খেলাধুলা

বিষ্ণুর গোলে আর্মিকে হারিয়ে ডুরান্ডের শেষ চারে ইস্টবেঙ্গল

নিজস্ব সংবাদদাতা: রবিবাসরীয় যুবভারতীতে জমজমাট লড়াইয়ের পর ইন্ডিয়ান আর্মিকে ১-০ গোলে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে জায়গা করে নিল ইস্টবেঙ্গল। খাতায়-কলমে তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও হাবাসের দলকে শেষ পর্যন্ত যথেষ্ট বেগ দিয়েছে আর্মি।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় লাল-হলুদকে। ৬ মিনিটে দানি রামিরেজের সামনে সহজ সুযোগ এলেও গোল করতে পারেননি তিনি। এরপর আর্মির অভিষেক শঙ্করের জোরালো শট অসাধারণ দক্ষতায় রুখে দেন ইস্টবেঙ্গল গোলরক্ষক ফুরবা টেম্পা লাচেম্পা। একাধিকবার সুযোগ তৈরি করেও গোলের মুখ খুলতে পারছিল না ইস্টবেঙ্গল।

অবশেষে ৩৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বাঁ দিক থেকে ইকোনোমিডিসের নিখুঁত ক্রস থেকে দুরন্ত হেডে বল জালে জড়িয়ে দেন পিভি বিষ্ণু। তাঁর গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেয়েছিল লাল-হলুদ। জেসিন টিকে পরপর কয়েকটি সুযোগ নষ্ট করেন। ৭৯, ৮৩ এবং ৮৭ মিনিটেও গোলের সম্ভাবনা তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল।

অন্যদিকে, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় ইন্ডিয়ান আর্মি। একাধিকবার ইস্টবেঙ্গলের রক্ষণে চাপ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে সমতায় ফিরতে পারেনি তারা। শেষ পর্যন্ত বিষ্ণুর প্রথমার্ধের একমাত্র গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। ডুরান্ড কাপের সেমিফাইনালে এবার হাবাসের ইস্টবেঙ্গল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.