তৃণমূলের পাঁচবারের বিধায়ক ছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মন্ত্রিসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সেই দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ রবিবার সকালে উদ্ধার হয়। ঘটনার কয়েক ঘণ্টা পর বিকেলে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, ‘আশিস বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত।’ পাশাপাশি আশিসের উপর মানসিক চাপ তৈরি করার অভিযোগও তোলেন তিনি।
আশিসের মৃত্যুতে শোকজ্ঞাপন করে মমতা লেখেন, জীবনের দীর্ঘ সময় শিক্ষকতা ও সমাজসেবার কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন আশিস। তাঁর সহজ-সরল স্বভাব এবং রামপুরহাট ও বীরভূমের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের জন্য তিনি সর্বদাই পরিচিত ছিলেন।
এর পরেই আশিসের জীবনের শেষ সময়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা। তাঁর বক্তব্য, জীবনের শেষ দিনগুলিতে আশিসকে প্রবল মানসিক ও আবেগজনিত চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছিল বলে মনে হচ্ছে। পাঁচবারের বিধায়ক, বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার ও চেয়ারম্যান হিসেবে রামপুরহাটের উন্নয়নে আশিস গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং সাধারণ মানুষের জন্য বহু কাজ করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি। কিন্তু এত বছরের জনসেবার পরও তাঁকে বারবার অপমানিত করা হয়েছে, মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং লাগাতার চাপের মধ্যে রাখা হয়েছিল বলে দাবি মমতার।
রাজনৈতিক বিদ্বেষের সীমাহীনতা নিয়ে প্রশ্ন তুলে মমতা লেখেন, দীর্ঘদিন মানুষের জন্য কাজ করার পরও আশিসকে যে হয়রানি ও মানসিক চাপ সহ্য করতে হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। একজন মানুষের উপর রাজনৈতিক বিদ্বেষ কতটা ভয়াবহ প্রভাব ফেলতে পারে, এই ঘটনা তা নিয়ে সকলকে ভাবতে বাধ্য করে বলেও মন্তব্য করেন তিনি।
আশিসের পরিবার, প্রিয়জন, প্রাক্তন ছাত্রছাত্রী এবং অসংখ্য অনুরাগীর প্রতি সমবেদনা জানিয়েছেন মমতা। তাঁর কথায়, আশিসের অনুপস্থিতি আগামী দিনেও গভীরভাবে অনুভূত হবে।
২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত রামপুরহাটের তৃণমূল বিধায়ক ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হন তিনি। নির্বাচনে তৃণমূলের বিপর্যয়ের পর কালীঘাটপন্থী তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। পরবর্তীতে ঋতব্রতপন্থী তৃণমূলের সঙ্গেও তাঁকে দেখা যায়।
রবিবার সকালে আশিসের দেহ উদ্ধারের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা দেন। তবে মমতার পোস্ট আসে তার কয়েক ঘণ্টা পরে। আর এই বিলম্ব নিয়েই এখন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। আশিসের ঋতব্রত শিবিরের ঘনিষ্ঠ হয়ে ওঠার কারণেই কি মমতার শোকবার্তা প্রকাশে দেরি? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।







