জেলবন্দী মাওবাদী নেতা , কিন্ত মেধায় হার মানাতে পারেন তাবড় তাবড় লোকেদেরও । এক কথায় ফার্স্ট বয় বলা যায় , মাওবাদী নেতা অর্ণব দামকে । কিন্তু তারপরেও সমস্যা , স্কলারশিপ পাচ্ছেন না তিনি । গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির অন্যতম সদস্য রনজিৎ সুর , এমনটাই জানিয়েছেন ।
মাওবাদী নেতা , অর্ণব , বর্তমানে পিএইচডি করছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে । তিনি অনেক প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠে শেষমেষ অনুমতি পেয়েছেন গবেষণার জন্য। তবে তার জন্য স্কলারশিপ পাচ্ছেন না তিনি । এই অভিযোগেই রনজিৎ সুর সমাজমধ্যমে লেখেন , “বর্ধমান বিশ্ববিদ্য়ালয়ের গবেষকদের জন্য দুই ধরনের স্কলারশিপ রয়েছে। একটি নন-নেট বিবেকানন্দ স্কলারশিপ। অন্য়টি, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ। কিন্তু অর্ণবকে কোনওটিই দেওয়া হচ্ছে না। অথচ সব পরীক্ষায় প্রথম অর্ণবেরই স্কলারশিপ পাওয়ার কথা।”
কিন্তু কেন এত মেধাবী হওয়া সত্ত্বেও স্কলারশিপ পাচ্ছেন না অর্ণব ! সেবিষয়ে রনজিৎ জানান , “নন-নেট স্কলারশিপ প্রাপকদের তালিকা প্রকাশ হয়েছে, কিন্তু তাতে অর্ণবের নাম নেই। মৌখিক ভাবে জানান হয়েছে, মাওবাদী সাজাপ্রাপ্ত বন্দি বলে অর্ণবকে স্কলারশিপ দেওয়া হয়নি। আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপও কোনও এক প্রভাবশালীর সুপারিশকৃত প্রার্থীকে প্রদান করা হবে।”
এবিষয়ে অর্ণব আবার অভিযোগ করেন , “স্কলারশিপ নিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্দরে অনিয়ম চলছে।” তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আবার এই স্কলারশিপ জটের দায় ঠেলে দিয়েছেন রাজ্যপালের দিকে । তার দাবী , “রাজ্যপাল মনোনীত উপাচার্যদের জন্য এই অবস্থা। তিনিই প্রতি স্তরে এই ধরনের কাজগুলো করছেন। কেন্দ্রের সরকার স্কলারশিপ বন্ধ করে দিয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজে উদ্য়োগী হয়ে তা আবার চালু করান। অর্ণবের ব্যাপারটা আলাদা। ওটা দেখতে হবে। ও যেহেতু রাজনৈতিক বন্দি। তার ক্ষেত্রে কিছু প্রোটোকল রয়েছে।”







