বাংলার পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে এবার বড়সড় রদবদলের পথে রাজ্য সরকার। দুর্গাপুজো থেকেই পর্যটন ক্ষেত্রে একাধিক নতুন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। লক্ষ্য একটাই—বাংলার পর্যটনকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে আন্তর্জাতিক মানের করে তোলা।
পর্যটন দফতরের কর্মী-আধিকারিকদের পোশাকেও আসতে চলেছে বদল। পর্যটনকেন্দ্র অনুযায়ী বাঙালির ঐতিহ্যবাহী পোশাককে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, পর্যটন দফতরে ফোন করলে বিশেষ রিংটোন-সহ পরিষেবায় অভিনবত্ব আনার পরিকল্পনাও রয়েছে।
তবে সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে উত্তরবঙ্গের চা-বাগানকে ঘিরে নতুন পর্যটন ভাবনা—‘চা বাগানে থাকুন’। শুধু চা-বাগানে ঘুরে দেখা বা ছবি তোলা নয়, এবার চা-বাগানের মধ্যেই পর্যটকদের থাকার সুযোগ তৈরি করতে চাইছে সরকার। পুরনো ঐতিহ্যবাহী বাংলোর পাশাপাশি চা-বাগানের ভিতরে হোমস্টে তৈরির পরিকল্পনাও রয়েছে।
এই উদ্যোগ বাস্তবায়নে চা-কোম্পানিগুলির সঙ্গে বিশেষ চুক্তি করার পথে এগোচ্ছে পর্যটন দফতর। পর্যটকদের জন্য যেমন তৈরি হবে অন্যরকম থাকার অভিজ্ঞতা, তেমনই এর মাধ্যমে চা-বাগান এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও চা শ্রমিকদের উন্নয়নের সুযোগ তৈরি হবে বলে মনে করছে সরকার।
দার্জিলিংয়ের মল ও শিলিগুড়িতে চা উৎসব, সিটংয়ে কমলালেবু উৎসবের মতো আয়োজনের পাশাপাশি দার্জিলিং, সুন্দরবন-সহ বিভিন্ন পর্যটনকেন্দ্রকে এক সূত্রে বাঁধতে ‘ট্যুরিজম সার্কিট’ তৈরির পরিকল্পনাও রয়েছে। পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন, ‘One State One Global Destination’-এর লক্ষ্য সামনে রেখে ইতিমধ্যেই বিস্তারিত প্রকল্প রিপোর্ট জমা দেওয়া হয়েছে।
চন্দননগরের ফরাসি ঐতিহ্যকেও পর্যটনের মানচিত্রে আরও জোরালোভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। ফরাসি কনস্যুলেটের সঙ্গে উদ্যোগ নিয়ে প্রায় ৫.৭৪ কোটি টাকা খরচ করে ঐতিহাসিক এলাকাটিকে নতুন পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
পর্যটনমন্ত্রী আরও জানিয়েছেন, চা-বাগানকে শুধুমাত্র চা উৎপাদনের জায়গা হিসেবে না দেখে পর্যটনের গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত করাই সরকারের লক্ষ্য। তবে পর্যটনের প্রসার ঘটাতে গিয়ে যাতে চা শিল্পের মূল চরিত্র ও স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর রাখা হবে। সেই সঙ্গে চা-বাগানের ১৫ শতাংশ এলাকা বাণিজ্যিক কাজে ব্যবহারের প্রস্তাবও অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সব মিলিয়ে দুর্গাপুজোকে সামনে রেখে বাংলার পর্যটনে নতুন অধ্যায়ের সূচনার প্রস্তুতি। পাহাড় থেকে জঙ্গল, চা-বাগান থেকে ফরাসি ঐতিহ্য—বিভিন্ন আকর্ষণকে এক ছাতার তলায় এনে বাংলাকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরও শক্তিশালী করে তোলাই এখন রাজ্যের লক্ষ্য।







