বেশি দিনের কথা নয়, মাস দুয়েক আগেই গোটা বিশ্বে ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল কেপ ভার্দে। মাত্র সাড়ে ৫ লক্ষ জনসংখ্যার এই দেশটি এবারের ফুটবল বিশ্বকাপে অন্যতম চর্চিত আন্ডারডগ দল হয়ে উঠেছিল। সেই সময় রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন ৪০ বছর বয়সি গোলকিপার ভোজিনহাও। এবার জানা যাচ্ছে, ব্রাজিলের পাশাপাশি কেপ ভার্দেকেও ভারতে খেলতে দেখা যেতে পারে।
আগামী ৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মাঠে নামবে ব্রাজিল। ইতিমধ্যেই এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে। ব্রাজিলের মতো তারকা-সমৃদ্ধ দলকে দেশের মাটিতে খেলতে দেখার স্বপ্ন বহু ভারতীয় ফুটবলপ্রেমীর। সেই অপেক্ষার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের আগমনের কথা জানিয়েছে ব্রাজিল ফুটবল দল। এবার তার সঙ্গেই সামনে আসছে আরও একটি চমকপ্রদ খবর—ভারতে আসতে পারে কেপ ভার্দেও।
সূত্রের খবর, কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। সম্ভাবনা রয়েছে, ব্রাজিলের ম্যাচের আগে অথবা পরেই কেপ ভার্দের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। তবে এখনও ম্যাচের নির্দিষ্ট দিন, সময় কিংবা ভেন্যু চূড়ান্ত হয়নি।
জানা যাচ্ছে, দুর্গাপুজোর আগেই ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য জোড়া উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। সবকিছু ঠিকঠাক থাকলে ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে ভারত বনাম কেপ ভার্দে ম্যাচ হতে পারে। এই সময়সীমার মধ্যেই রয়েছে ৩ অক্টোবরের ব্রাজিল ম্যাচ। ফলে কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচটি ঠিক কবে এবং কোথায় আয়োজন করা হবে, তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে, ব্রাজিল ম্যাচ আয়োজন নিয়ে বিশেষভাবে সতর্ক ভারতীয় ফুটবল ফেডারেশন। কয়েক মাস আগে লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিতে চাইছে ফেডারেশন। জানা গিয়েছে, ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই আইএফএ-র সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। আগামী কয়েক দিনের মধ্যেই ব্রাজিলের প্রতিনিধিরাও কলকাতায় এসে ম্যাচ আয়োজনের পরিকাঠামো ও অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন।
এরই মধ্যে ব্রাজিলের পাশাপাশি কেপ ভার্দের সম্ভাব্য কলকাতা সফরের খবরে নতুন করে উচ্ছ্বসিত বাংলার ফুটবলপ্রেমীরা। সবকিছু চূড়ান্ত হলে দুর্গাপুজোর আগে ভারতীয় সমর্থকদের জন্য জোড়া আন্তর্জাতিক ম্যাচ যে বড় উপহার হতে চলেছে, তা বলাই যায়।







