বুধবার মধ্যরাতের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত হয়ে রইল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন ছাত্র সংগঠনের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভাঙা, স্কুলবাস আটকে দেওয়া এবং রাস্তা অবরোধের ঘটনায় চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ।
বুধবারের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পৃথক কর্মসূচির ডাক দিয়েছিল বামপন্থী ছাত্র সংগঠনগুলি ও এবিভিপি। ডেমোক্রেটিক স্টুডেন্টস ফেডারেশন (ডিএসএফ)-এর সদস্যরা যাদবপুর ৮-বি বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু করলে মূল রাস্তায় পৌঁছনোর আগেই পুলিশ তাঁদের আটকে দেয়। পাল্টা দিকে যাদবপুর থানা থেকে মিছিলের প্রস্তুতি নেয় এবিভিপি। পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি কাঁদানে গ্যাস ও কেন্দ্রীয় বাহিনীও প্রস্তুত রাখা হয়েছিল।
এর মধ্যেই পুলিশের নজরদারি এড়িয়ে এবিভিপির মিছিল বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনা বাড়তে থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভিতরের সবকটি গেট বন্ধ করে দেয়। কিন্তু এরপরও বন্ধ গেট লক্ষ্য করে ইট, পাথর ও কাঁচের বোতল ছোড়ার অভিযোগ ওঠে। সংঘর্ষের সময় গেটের সামনে থাকা লোহার একটি পরিচিত প্রতীকী কাঠামোর একাংশও ভেঙে পড়ে।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন বিক্ষুব্ধ পড়ুয়ারা পুলিশের ব্যারিকেড সরিয়ে মূল রাস্তায় বসে পড়েন। দীর্ঘক্ষণ চলে রাস্তা অবরোধ। এর জেরে আটকে যায় একাধিক স্কুলবাস এবং নিত্যদিনের যাত্রীবাহী গাড়ি। আচমকা অবরোধে কার্যত স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়ন (FETSU)-এর সাধারণ সভা বা জিবিকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত। বৈঠকের মধ্যে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন পড়ুয়া আহত হন।
ডিএসএফের অভিযোগ, তাঁদের জিবি চলাকালীন এবিভিপি সভাপতি নিখিল রায় এবং তাঁর কয়েকজন সঙ্গী সেখানে এসে বৈঠক বানচাল করার চেষ্টা করেন। অন্যদিকে, রেভোলিউশনারি স্টুডেন্টস ফ্রন্ট (RSF)-এর সদস্য অভিনব দাসের দাবি, এবিভিপি ও এনএসএফ নেতা নিখিল দাস, দীপ্তিমান কর এবং সোমসূর্য বন্দ্যোপাধ্যায় কয়েকজন বহিরাগতকে সঙ্গে নিয়ে হামলা চালান। মারধরের ঘটনায় অস্মিত সিনহা, সায়াক মণ্ডল-সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি।
যদিও এবিভিপির অভিযোগ সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, জিবির অজুহাতে পরিকল্পিতভাবে এসএফআই, ডিএসও এবং ডিএসএফ একজোট হয়ে তাঁদের উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় গুরুতর আহত এবিভিপি সভাপতি নিখিল রায় বর্তমানে কেপিসি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।







