কলকাতা

গলব্লাডারের অস্ত্রোপচারে অ্যাপেন্ডিক্স বাদ যাওয়ার অভিযোগ, রোগীর পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর দফতরের

NRS হাসপাতালে গলব্লাডারে পাথরের অস্ত্রোপচারের পর অ্যাপেন্ডিক্স বাদ যাওয়ার অভিযোগকে ঘিরে তৎপরতা শুরু হয়েছে। বেলেঘাটার বাসিন্দা গোপাল পোড়েলের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে মুখ্যমন্ত্রীর দফতর। রোগীর বর্তমান শারীরিক অবস্থা এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পরিবারের কাছ থেকে খোঁজ নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, গত ৩০ অগস্ট NRS হাসপাতালে গলব্লাডারে স্টোনের অস্ত্রোপচার হয় গোপাল পোড়েলের। পরিবারের অভিযোগ, ওই অস্ত্রোপচারের সময় তাঁর অ্যাপেন্ডিক্সও বাদ দেওয়া হয়। পরে শারীরিক পরিস্থিতির কারণে তাঁকে আনন্দলোক হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি সামনে আসার পর রোগীকে দেখতে হাসপাতালে যান বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সেখানেই তিনি গোটা ঘটনা সম্পর্কে জানতে পারেন এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তোলেন।

এরপর রবিবার কুণাল ঘোষের সঙ্গে ফোনে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। NRS হাসপাতালে ঘটনার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। পরে সোমবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে গোটা বিষয়টি জানান কুণাল ঘোষ।

সেই চিঠির পরই গোপাল পোড়েলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুখ্যমন্ত্রীর দফতর। রোগীর চিকিৎসা কোথায় চলছে, তাঁর শারীরিক অবস্থা কেমন এবং বর্তমানে কী ধরনের চিকিৎসা চলছে—এসব বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের স্তরে বিষয়টি খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে অস্ত্রোপচারের সময় ঠিক কী ঘটেছিল, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.