বিশ্ব

ইরানকে ট্রাম্পের কড়া বার্তা, ‘পাল্টা হামলা করলে আরও ভয়ঙ্কর আঘাত’, হরমুজ নিয়ে বড় দাবি

ইরান ও আমেরিকার মধ্যে সামরিক সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের কথা জানানো হয়েছে। এরই মধ্যে তেহরানকে সরাসরি কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরান পাল্টা আক্রমণের পথে হাঁটলে সামনে আরও বড় এবং শক্তিশালী হামলা অপেক্ষা করছে।

ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন, হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওই এলাকায় ইরান সমুদ্রে ‘সি মাইন’ পেতে রাখার চেষ্টা করেছিল বলেও অভিযোগ করেন তিনি। ট্রাম্পের দাবি, সেই মাইনগুলি সরিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।

শুধু তাই নয়, ইরানের ছোড়া আটটি মিসাইলও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য অনুযায়ী, জর্ডনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করেই ওই ক্ষেপণাস্ত্রগুলি ছোড়া হয়েছিল।

এর আগে হরমুজ প্রণালীতে একটি জাহাজে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস হামলা চালানোর অভিযোগ সামনে আসে। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের উপরও ইরানের হামলার অভিযোগ করেছে ওয়াশিংটন। তারই পাল্টা জবাব হিসেবে মার্কিন সামরিক অভিযান চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এই পরিস্থিতিতে ট্রাম্পের বার্তা আরও সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে। তাঁর হুঁশিয়ারি, আমেরিকার হামলার পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করলে ইরানের উপর আরও শক্তিশালী আঘাত হানা হবে। এমনকী ভবিষ্যতে আরও বড় ধরনের হামলার সম্ভাবনার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

পাশাপাশি হরমুজ প্রণালী নিয়েও বড় দাবি করেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ এখন আমেরিকার হাতে চলে এসেছে।

ইরান-আমেরিকা সংঘাতের মধ্যে হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। ফলে সেখানে সামরিক উত্তেজনা আরও বাড়লে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.