জেলা

জলপাইগুড়ির বৃহন্নলা কুঠিতে ৯ ঘণ্টার তল্লাশি, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও বাংলাদেশি সিম! বিদেশি যোগের অভিযোগ ঘিরে তদন্ত

জলপাইগুড়ি: বৃহন্নলা কুঠিতে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি এবং বাংলাদেশি সিমকার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে গুরুমা পিপাসা হিজরাকে। উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং দুটি বাংলাদেশি সিমকার্ড। একটি বাংলাদেশি বার্থ সার্টিফিকেটও পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

বৃহস্পতিবার ভোরে জলপাইগুড়ি শহরের উত্তর রায়কত পাড়ার ওই বৃহন্নলা কুঠিতে অভিযান শুরু হয়। বাড়ি ও সংলগ্ন এলাকা ঘিরে ফেলে বিএসএফের একটি দল। সঙ্গে ছিল পুলিশও। প্রায় নয় ঘণ্টা ধরে চলে তল্লাশি। আবাসনে থাকা ব্যক্তিদের একে একে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁদের হাতের ছাপ সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে।

তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া বাংলাদেশি সিমকার্ড ব্যবহার করে বাংলাদেশ এবং পাকিস্তানে ফোন করা হত। সম্প্রতি মনসা পুজোর আগে ও পরে প্রায় ৩৫ জন বাংলাদেশি বৃহন্নলা ওই বাড়িতে এসেছিলেন বলেও পুলিশ ও বিএসএফ সূত্রে দাবি করা হয়েছে। তাঁরা কেন এসেছিলেন এবং বর্তমানে তাঁদের অবস্থান কোথায়, তা খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়াও পিপাসা হিজরা সম্প্রতি পাকিস্তানে গিয়েছিলেন কি না, সেই তথ্যও তদন্তকারীরা যাচাই করছেন বলে খবর। স্থানীয় বৃহন্নলাদের সঙ্গে কোনও বিদেশি যোগাযোগ রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক দশক আগে উত্তর রায়কত পাড়ায় বৃহন্নলাদের বসবাস শুরু হয়। প্রথমে ভাড়া বাড়িতে থাকলেও পরবর্তী সময়ে ওই বাড়ি কেনার পাশাপাশি আশপাশের জমিও কেনা হয় বলে দাবি স্থানীয়দের। পরে সেখানে তৈরি হয় বড়সড় বাড়ি। অল্প সময়ে এই সম্পত্তি কীভাবে তৈরি হল, তা নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ছিল বলে জানা গিয়েছে।

অন্যদিকে, পিপাসা হিজরা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তদন্তকারীরা অবশ্য এখনই পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাতে চাইছেন না। উদ্ধার হওয়া অস্ত্র, বাংলাদেশি নথি ও সিমকার্ডের উৎস এবং এগুলির সঙ্গে ধৃতের কী যোগ রয়েছে—সবদিক খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ।

তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে এই ঘটনায় বিদেশি যোগাযোগের অভিযোগের সত্যতা এবং অস্ত্র উদ্ধারের নেপথ্যের তথ্য স্পষ্ট হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.