রেজিনগর উপনির্বাচন ঘিরে নাটকীয়তা অব্যাহত। মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার পর ফের অবস্থান বদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী রবিউল আলম চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরই আগের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। ফলে ভোটের ময়দানে থাকছেন রবিউল। মনোনয়ন প্রত্যাহার করছেন না তিনি। নতুন ‘ফুটবলার’ প্রতীকে লড়াই করবেন মমতা-সমর্থিত প্রার্থী।
রবিউল জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই লড়াই করব। নতুন প্রতীক নিয়ে ভোটে নামছি। এর আগেও আমরা অনেক নির্বাচন করেছি। কর্মী সংখ্যা কম থাকলেও লড়াই চালিয়ে যাব। কর্মীরাই সব সামলে নেবে।”
রেজিনগর ও নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে শুরু থেকেই নানা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। নন্দীগ্রামে মমতা-সমর্থিত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ওই কেন্দ্রে মমতার দল কংগ্রেসকে সমর্থন করবে। তবে রেজিনগরের পরিস্থিতি বারবার বদলেছে।
শুক্রবার থেকেই রবিউল আলম চৌধুরীর মনোনয়ন প্রত্যাহার নিয়ে জল্পনা শুরু হয়েছিল। শনিবার সকালে সেই জল্পনাই কার্যত সত্যি করে তিনি মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান। তখন রবিউল বলেছিলেন, “কর্মীদের উপর চাপ রয়েছে। তাঁরা থাকছেন না। তাহলে ভোট করাব কীভাবে? তাই প্রার্থীপদ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”
কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই বদলে যায় পরিস্থিতি। প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে ফের ভোটে লড়ার সিদ্ধান্ত নেন রবিউল। জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং দলনেত্রীর নির্দেশ মেনেই তিনি নির্বাচনী লড়াইয়ে থাকছেন। মনোনয়ন প্রত্যাহার করবেন না বলেও স্পষ্ট করেন তিনি।
কর্মী সংখ্যা কম থাকলে কীভাবে ভোট পরিচালনা করবেন? এই প্রশ্নের উত্তরে রবিউল বলেন, যতজন কর্মী থাকবেন, তাঁদের নিয়েই লড়াই হবে। তাঁর দাবি, এর আগেও তাঁরা সীমিত সংখ্যক কর্মী নিয়ে নির্বাচন পরিচালনা করেছেন।
নতুন প্রতীক নিয়েও অবশ্য কোনও দ্বিধা নেই রবিউলের। তিনি স্পষ্ট জানিয়েছেন, দলনেত্রীর নির্দেশেই নতুন প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হয়ে প্রচারে আসবেন কি না, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন রেজিনগরের প্রার্থী।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং পুরনো প্রতীক ফ্রিজ করেছে। মমতা-সমর্থিত শিবির ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামে পরিচিত হচ্ছে এবং তাদের প্রতীক হিসেবে ‘ফুটবলার’ চিহ্ন বরাদ্দ হয়েছে। রেজিনগরে সেই প্রতীকেই লড়াই করবেন রবিউল।
শনিবার সকালে রবিউল মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত জানানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে নির্বাচনে লড়াইয়ের এক ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত রবিউল সিদ্ধান্ত বদল করায় রেজিনগরে সেই পরিস্থিতি আর তৈরি হল না।







