রাজ্যে সরকার গঠনের পর থেকেই মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। ‘অন্নপূর্ণা যোজনা’র আওতায় ইতিমধ্যেই যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে ঢুকতে শুরু করেছে। পাশাপাশি মহিলাদের জন্য সরকারি বাস পরিষেবাও বিনামূল্যে করা হয়েছে। এরই মধ্যে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে বড় উদ্যোগ নিলেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
মঙ্গলবার দুপুরে গঙ্গারামপুর ফুটবল মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে ৫১ জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। বাড়িতে বসে কাজের সুযোগ তৈরি করে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে সুকান্ত মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, সুবোধ সরকার-সহ দলের অন্যান্য নেতারা। সিএসআর ফান্ডের অর্থেই এই সেলাই মেশিনগুলি বিতরণ করা হয়েছে।
সুকান্ত মজুমদার জানান, এদিন মোট ৫১ জন মহিলাকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। আগামী বুধবার আরও ৬১৬টি সেলাই মেশিন বিতরণ করা হবে। গোটা জেলায় পর্যায়ক্রমে মোট এক হাজার মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
সেলাই মেশিন হাতে পেয়ে খুশি মহিলারাও। তাঁদের বক্তব্য, এই মেশিনের সাহায্যে বাড়িতে বসেই কাজ করে আয় করা সম্ভব হবে। এর ফলে পরিবারের মোট আয়ে অতিরিক্ত কিছুটা অর্থ যোগ করার সুযোগ তৈরি হবে।







