মহারাষ্ট্রের ভিওয়ান্ডি শহর আবারও প্রমাণ করল, বেহাল রাস্তাই মৃত্যুর ফাঁদ। শুক্রবার গভীর রাতে বানজারপট্টি এলাকায় কর্মস্থল থেকে স্কুটারে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন চিকিৎসক নাসিম আনসারি।
সূত্রে জানা গেছে, খারাপ রাস্তার একটি বড় গর্তে ধাক্কা খেয়ে আনসারি নিয়ন্ত্রণ হারান এবং ছিটকে পড়েন রাস্তায়। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির একটি ট্রাক তাঁর উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
উল্লেখযোগ্য, ওই রাস্তায় একটি গুরুত্বপূর্ণ ফ্লাইওভার মেরামতির কাজ চলায় সমস্ত যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছিল। আগে থেকেই ভাঙাচোরা এই রাস্তায় ভারী ট্রাক চলাচল শুরু হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছিল। স্থানীয়দের অভিযোগ, বহুবার আবেদন করার পরও পুরসভা রাস্তাটি সংস্কারের ব্যবস্থা নেয়নি।
এই মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। তাঁরা প্রশাসনের গাফিলতি এবং উদাসীনতাকে দায়ী করে বিক্ষোভ দেখান। দাবি ওঠে—রাস্তার অবস্থা দ্রুত সংস্কার করা হোক, নইলে এমন দুর্ঘটনা আরও ঘটতে বাধ্য।







