শিক্ষা

শতবর্ষে সুকান্তকে ফেরানোর দাবি, স্কুলের সিলেবাসে কবির লেখা চায় লেখক-শিল্পী সংঘ

‘এখনও আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি’—রবীন্দ্রনাথকে ঘিরে কবি সুকান্ত ভট্টাচার্যের এই আবেগঘন অনুভূতির সঙ্গে এখন আর মাধ্যমিক পড়ুয়াদের পরিচয় হয় না। অভিযোগ, তৃণমূল সরকারের আমলে স্কুলের পাঠ্যক্রম থেকে ধীরে ধীরে বাদ পড়েছে সুকান্তের একাধিক সৃষ্টি। নবম-দশম শ্রেণির বাংলা সিলেবাস থেকে সরানো হয়েছে ‘রবীন্দ্রনাথের প্রতি’ কবিতাটি। একইভাবে একাদশ-দ্বাদশের পাঠ্যক্রম থেকেও বাদ পড়েছে ‘আঠেরো বছর বয়স’। কবির জন্মশতবর্ষে এবার রাজ্যের নতুন সরকারের কাছে সুকান্তের লেখা ফের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার দাবি জানাল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের রাজ্য কমিটি।

২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে, তার আগের বাম সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র। ২০১৪ সালে রাজ্যের স্কুলের পাঠ্যক্রমে বড়সড় পরিবর্তন আনা হয়। সেই সময় বাংলা বইয়ের পাতা থেকে বাদ পড়ে সুকান্তের একাধিক লেখা। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সঙ্গে যে কবির পরিচয় তৈরি হত, তাঁর কবিতা সিলেবাস থেকে বাদ যাওয়ায় নতুন প্রজন্মের একটা অংশের কাছে সুকান্ত ক্রমশ অপরিচিত হয়ে ওঠেন। ২০২৪ সালে পরীক্ষার কাঠামোতেও বড় পরিবর্তন এনে সেমেস্টার ব্যবস্থা চালু করা হয়। কিন্তু সেই সময়ও পাঠ্যক্রমে ফেরানো হয়নি কবিকে।

এ প্রসঙ্গে গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের রাজ্য সভাপতি পবিত্র সরকার বলেন, সুকান্ত ভট্টাচার্যের কবিতা ছোটদের পাঠ্যক্রমে থাকা কোনও অস্বাভাবিক দাবি নয়। তাঁর বক্তব্য, আগের সরকার সুকান্তের কবিতা সিলেবাস থেকে বাদ দিয়ে অন্যায় করেছিল। এবার রাজ্যে নতুন সরকার এসেছে। তাই ফের একবার বিষয়টি সরকারের কাছে তুলে ধরা হয়েছে। তাঁর দাবি, সুকান্ত ভট্টাচার্যকে আবার পাঠ্যক্রমে ফিরিয়ে আনা হোক।

সংগঠনের সাধারণ সম্পাদক রজত বন্দ্যোপাধ্যায় জানান, আগের সরকার সুকান্তের লেখা পাঠ্যক্রম থেকে বাদ দেওয়ার সময়ই তাঁরা প্রতিবাদ জানিয়েছিলেন। বিভিন্ন সভা ও আলোচনাতেও বিষয়টি তোলা হয়েছিল। তবে সে সময় সরকারকে লিখিতভাবে কিছু জানানো হয়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এবার আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে এ বছর যেহেতু কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ, তাই এই দাবিকে সামনে আনা হয়েছে।

রজত বন্দ্যোপাধ্যায়ের কথায়, কোনও রাজনৈতিক দলের দর্শন আর সরকারের দর্শন এক নয়। সরকার সকলের। সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত একটি নাম। তাই তাঁরা আশাবাদী, সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে। একই সুর পবিত্র সরকারের বক্তব্যেও। তাঁর কথায়, কোনও প্রত্যাশা না থাকলে তাঁরা সরকারকে চিঠিই দিতেন না।

তবে সুকান্তের কোন কবিতা বা লেখা ফের পাঠ্যক্রমে রাখা হবে, সেই বিষয়ে তাঁদের নির্দিষ্ট কোনও দাবি নেই। তাঁদের মূল আবেদন একটাই—সুকান্ত ভট্টাচার্যকে আবার স্কুলের পাঠ্যক্রমে ফিরিয়ে আনা হোক। নতুন প্রজন্মের পড়ুয়ারা কবির সঙ্গে পরিচিত হোক, তাঁর সাহিত্য পড়ুক এবং তাঁর লেখার সেই প্রতিবাদী ও স্পর্ধিত সত্তাকে চিনুক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.