কেন্দ্র

১০ হাজার টাকার কম GST বাকি? মিলতে পারে বড় স্বস্তি, বদলাতে পারে একাধিক নিয়ম

জিএসটি ব্যবস্থায় ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। করদাতা ও ব্যবসায়ীদের জন্য নিয়ম আরও সহজ করতে একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে আগামী ৭ অক্টোবর জিএসটি কাউন্সিলের বৈঠকে। গ্রেফতারির নিয়ম থেকে শুরু করে ফৌজদারি মামলা, ইনপুট ট্যাক্স ক্রেডিট এবং ছোট ব্যবসার জিএসটি রেজিস্ট্রেশন—একাধিক ক্ষেত্রে বদলের প্রস্তাব রয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য প্রস্তাবগুলির মধ্যে রয়েছে জিএসটি আধিকারিকদের গ্রেফতারির ক্ষমতা নিয়ন্ত্রণ করা। কোনও করদাতাকে গ্রেফতার করার আগে বিচারবিভাগীয় অনুমোদন বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনা করা হতে পারে। এর ফলে জিএসটি সংক্রান্ত মামলায় ব্যবসায়ীদের হয়রানি কমতে পারে বলে মনে করা হচ্ছে।

ফৌজদারি মামলা করতে বাড়তে পারে সীমা

জিএসটি সংক্রান্ত ফৌজদারি মামলা করার ন্যূনতম সীমা ১ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করার প্রস্তাবও রয়েছে। অর্থাৎ, তুলনামূলকভাবে ছোট অঙ্কের কর সংক্রান্ত অনিয়মকে সরাসরি ফৌজদারি মামলার আওতায় না আনার পথ খুলতে পারে এই পরিবর্তন।

তবে ইচ্ছাকৃত কর ফাঁকি বা বড় ধরনের জালিয়াতির ক্ষেত্রে সরকারের কর, সুদ ও জরিমানা আদায়ের ক্ষমতা বহাল থাকবে।

প্রকৃত ক্রেতাদের ITC-তে বড় সুরক্ষা

জিএসটি ব্যবস্থায় ব্যবসায়ীদের অন্যতম বড় সমস্যার জায়গা ইনপুট ট্যাক্স ক্রেডিট বা ITC। প্রস্তাব অনুযায়ী, বৈধ ইনভয়েসের ভিত্তিতে কোনও প্রকৃত ব্যবসায়ী ITC নিলে পরে তাঁর সরবরাহকারী জিএসটি জমা না দেওয়ার কারণে শুধুমাত্র ক্রেতার ITC বাতিল করা হবে না।

বরং কর ফাঁকির দায়ে সংশ্লিষ্ট সরবরাহকারীর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। এতে সৎ ব্যবসায়ীদের উপর চাপ কমতে পারে।

ছোট ই-কমার্স ব্যবসায়ীদের জন্যও স্বস্তি

ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসা করা ছোট বিক্রেতাদের জিএসটি রেজিস্ট্রেশন আরও সহজ করার প্রস্তাব রয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ হলে কোনও রাজ্যে নিজস্ব অফিস না থাকলেও ই-কমার্স সংস্থার গুদামকে ব্যবসার ঠিকানা হিসেবে ব্যবহারের সুযোগ মিলতে পারে।

এই পরিবর্তন কার্যকর হলে প্রায় ৯.৫ লক্ষ ছোট বিক্রেতা উপকৃত হতে পারেন বলে দাবি করা হচ্ছে।

রেজিস্ট্রেশন ও রিটার্নে সরলীকরণের প্রস্তাব

জিএসটি রেজিস্ট্রেশনের সময় প্রয়োজনীয় নথিপত্রের তালিকা স্পষ্ট করা, অন্য রাজ্যের পুরনো রেজিস্ট্রেশনের তথ্য ব্যবহার এবং একসঙ্গে একাধিক রাজ্যে রেজিস্ট্রেশনের আবেদন করার সুযোগ দেওয়ার মতো প্রস্তাবও রয়েছে।

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বার্ষিক রিটার্ন এবং কর জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করার বিষয়েও আলোচনা হতে পারে।

১০ হাজার টাকার কম বকেয়া হলে কী হবে?

সবচেয়ে বেশি নজর রয়েছে এই প্রস্তাবেই। ১০ হাজার টাকার কম জিএসটি বকেয়ার ক্ষেত্রে নোটিস না পাঠানোর প্রস্তাব রাখা হয়েছে। ছোট অঙ্কের বকেয়া নিয়ে বিপুল সংখ্যক মামলা তৈরি হলেও রাজস্ব আদায়ের পরিমাণ তুলনামূলকভাবে কম—এই কারণেই এমন পদক্ষেপের কথা ভাবা হচ্ছে।

তবে মনে রাখতে হবে, এই সমস্ত পরিবর্তন এখনও প্রস্তাবের পর্যায়ে রয়েছে। আগামী ৭ অক্টোবর জিএসটি কাউন্সিলের বৈঠকের পরই স্পষ্ট হবে কোন প্রস্তাব কার্যকর হচ্ছে এবং কবে থেকে নতুন নিয়ম চালু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.