মহাসপ্তমীর রাতেই ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার উলুবেড়িয়ায়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা খাদে পড়ে গেল একটি স্কুটি। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার জগৎপুর জোড়াকলতার কাছে। তবে সৌভাগ্যবশত, এই দুর্ঘটনায় কেউ আহত হননি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহাসপ্তমীর রাতে জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে স্কুটিটি। এরপর রাস্তার পাশের খাদে গিয়ে পড়ে সেটি। আচমকা এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের তৎপরতায় খাদ থেকে স্কুটিটিকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। উৎসবের মরশুমে জাতীয় সড়কে এমন ঘটনা ফের একবার গাড়ির গতি নিয়ন্ত্রণ এবং নিরাপদে যাতায়াতের বিষয়টি সামনে এনে দিল।







