দেশ

SIR নিয়ে সুপ্রিম কোর্টের কড়া অবস্থানের পরেই বড় সিদ্ধান্ত কমিশনের! ৬ রাজ্যে বাড়ল ভোটার তালিকা সংশোধনের সময়সীমা

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের কড়া অবস্থানের পর পাঁচটি রাজ্য ও দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়ানো হল। ২৯ অক্টোবর জারি করা নির্দেশিকায় সংশোধিত সময়সূচি জানিয়েছে কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, হরিয়ানা ও নাগাল্যান্ডে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৩০ নভেম্বর। দিল্লিতে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ধার্য হয়েছে ২২ ডিসেম্বর।

মহারাষ্ট্রে দাবি ও আপত্তি জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে ১৩ নভেম্বর করা হয়েছে। নোটিস জারি এবং আপত্তি নিষ্পত্তির কাজ চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশে ২০ নভেম্বরের মধ্যে দাবি ও আপত্তি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, দিল্লিতে দাবি ও আপত্তি জমার সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। নিষ্পত্তির কাজ শেষ হবে ১৫ ডিসেম্বর।

সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কমিশন। যোগ্য ভোটাররা যাতে নাম অন্তর্ভুক্তি ও তথ্য সংশোধনের পর্যাপ্ত সুযোগ পান, সে জন্য সংশোধিত সূচি প্রচারের নির্দেশও দেওয়া হয়েছে।

এদিকে, SIR নিয়ে বিতর্কের পাশাপাশি নির্বাচন কমিশনের অন্দরেও মতবিরোধের অভিযোগ সামনে এসেছে। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, গত ১০ মাসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একাধিক সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী। অন্তত ১৪ বার আপত্তি জানানোর দাবি করা হয়েছে প্রতিবেদনে।

এই পরিস্থিতিতে জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে বিরোধীদের প্রশ্ন এবং পদত্যাগের দাবিও জোরালো হয়েছে। ফলে SIR-এর সময়সীমা বৃদ্ধি ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.