বলিউডে নারী ও পুরুষ অভিনেতাদের মধ্যে সুযোগ এবং ছবির বাজেট বরাদ্দের বৈষম্য নিয়ে বিতর্ক নতুন করে উসকে দিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। সম্প্রতি অভিনেত্রী কৃতি শ্যানন নারী-কেন্দ্রিক ছবির জন্য ‘পাঠান’ বা ‘ধুরন্ধর’-এর মতো বড় বাজেট বরাদ্দের দাবি জানিয়েছিলেন। এবার সেই প্রসঙ্গে নিজের মতামত জানালেন মনোজ।
এক সাক্ষাৎকারে মনোজ বলেন, বিদ্যা বালান ও কাজলের মতো অভিনেত্রীরা বহুদিন ধরেই নিজেদের অভিনয় দক্ষতায় ছবির মূল আকর্ষণ হয়ে উঠেছেন। নারী অভিনেতাদের কেন্দ্র করে ছবি তৈরির এই প্রবণতা ধীরে ধীরে বাড়ছে এবং এটি ইতিবাচক পরিবর্তন বলেই মনে করেন তিনি।
পাশাপাশি নারী-কেন্দ্রিক গল্পের প্রসারে ওটিটি প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন অভিনেতা। তাঁর মতে, প্রেক্ষাগৃহের বড় বাজেটের ছবির তুলনায় ওটিটি প্রজেক্টে আর্থিক ঝুঁকি কিছুটা কম। ফলে প্রযোজকরা নতুন ধরনের গল্প এবং শিল্পীদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাচ্ছেন। বহু প্রতিভাবান অভিনেতা এই মাধ্যমের হাত ধরেই কাজ, পরিচিতি ও সম্মান পেয়েছেন।
অন্যদিকে কৃতির স্পষ্ট বক্তব্য, ভালো গল্প হলে নারী অভিনেতাকে কেন্দ্র করেও বড় বাজেটের ছবি তৈরি করতে নির্মাতাদের সাহসী হতে হবে। তাঁর মতে, দর্শক ভালো সিনেমা দেখতে চান, সেখানে অভিনেতার লিঙ্গ নয়, গল্পই হওয়া উচিত সাফল্যের প্রধান মাপকাঠি।







