পুজোর পর এবার দীপাবলিতেও চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে তিনি জানান, বর্তমানে ৩৫ কেজি চালের পরিবর্তে চা বাগানের শ্রমিকদের ৫০ কেজি করে চাল দেওয়ার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি তাঁদের ৫ হাজার টাকা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, রেশনের মাধ্যমে যাতে চা শ্রমিকদের ৫০ কেজি করে চাল দেওয়া সম্ভব হয়, সেই বিষয়টি নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর রেশনের সুবিধাভোগীরা অতিরিক্ত চাল পাবেন।
এদিনের বৈঠক থেকেই উত্তরবঙ্গের বন্ধ চা বাগানগুলি পুনরায় চালু করার বিষয়েও আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত শ্রমমন্ত্রী অর্জুন সিংকে উদ্দেশ করে তিনি বলেন, বন্ধ হয়ে থাকা সমস্ত চা বাগান খোলার দায়িত্ব তাঁকেই নিতে হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আপনাকেই বন্ধ সমস্ত চা বাগান খুলতে হবে, সব মুখ্যমন্ত্রী করলে হবে না।’’
চা শ্রমিকদের উদ্দেশে তিনি আরও বলেন, জব কার্ড তৈরি করে প্রস্তুত রাখতে। দ্রুত কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনার আওতায় সমস্ত শ্রমিককে আনার কথাও জানান মুখ্যমন্ত্রী।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার দুপুরে শিলিগুড়িতে পৌঁছে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে যোগ দেন শুভেন্দু অধিকারী। বৈঠকে উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।
এদিন নিজেদের বিভিন্ন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান কামতাপুরী ভাষা সংগঠনের সদস্যরাও। দীর্ঘদিন ধরেই তাঁদের দাবি, কামতাপুরী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা হোক। যদিও এই বিষয়ে সরকারের তরফে কোনও আশ্বাস দেওয়া হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
উত্তরবঙ্গের বন্ধ চা বাগান প্রসঙ্গেও এদিন ফের সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখনও বহু চা বাগান বন্ধ রয়েছে। সেগুলি দ্রুত খোলার প্রয়োজন। শ্রমিকদের জব কার্ড প্রস্তুত রাখার নির্দেশ দিয়ে তিনি জানান, খুব শীঘ্রই কাজ শুরু হবে। শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উদ্দেশে তাঁর বার্তা, ‘‘আপনাকেই চা বাগানগুলো খুলতে হবে, সব মুখ্যমন্ত্রী করলে হবে না।’’ ইতিমধ্যে সামসিং-সহ কয়েকটি চা বাগান খুলে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনার আওতায় দ্রুত কাজ শুরু হবে বলেও জানান।
উত্তরবঙ্গে দীর্ঘদিন ধরেই বন্ধ চা বাগানগুলি বড় সমস্যা হয়ে রয়েছে। বহু চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছিলেন অসংখ্য শ্রমিক। তাঁদের জন্য বিনামূল্যে রেশন, স্বাস্থ্যসাথী এবং চা সুন্দরীর মতো একাধিক সরকারি সুবিধার ব্যবস্থা করা হয়েছিল। সেই সময় চা বাগানগুলির দুরবস্থার জন্য কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিল তৎকালীন সরকার।
এবার রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বন্ধ চা বাগানগুলির সমস্যা মেটানোর বিষয়ে নতুন করে আশার আলো দেখছেন শ্রমিকরা। মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণা বাস্তবে কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর উত্তরবঙ্গের চা মহলের।






