চাকরি

অগ্নিবীরদের মেয়াদ বৃদ্ধি নিয়ে জল্পনা, ২০২৬-এর ডিসেম্বরের পর নতুন নিয়োগে কার্যকর নয় নয়া নিয়ম

বুধবার সাংবাদিক বৈঠক করে অগ্নিবীরদের চাকরির মেয়াদ ও বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল এনএস রাজা সুব্রমণি। তবে শুক্রবার কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, ‘অগ্নিপথ’ প্রকল্পে সাম্প্রতিক যে পরিবর্তনগুলি আনা হয়েছে, তা শুধুমাত্র বর্তমানে কর্মরত অগ্নিবীরদের জন্যই প্রযোজ্য। ইতিমধ্যে সেনাবাহিনীতে যোগ দেওয়া ন’টি ব্যাচের সদস্যরাই এই সুবিধা পাবেন। ২০২৬ সালের ডিসেম্বরের পর যাঁরা নতুন করে সেনায় যোগ দেবেন, তাঁদের ক্ষেত্রে আগের চার বছরের চাকরির মেয়াদই বহাল থাকবে।

প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের বক্তব্য, সিডিএসের ঘোষিত নতুন নিয়মগুলি আপাতত কর্মরত ন’টি ব্যাচের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। ভবিষ্যতে নতুন নিয়োগের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে কি না, তা পর্যালোচনা করা হবে। সমস্ত দিক খতিয়ে দেখেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সেনার শীর্ষ কর্তারা।

উল্লেখ্য, বুধবার সাংবাদিক সম্মেলনে সিডিএস জানিয়েছিলেন, অগ্নিবীরদের চাকরির মেয়াদ আরও দু’বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, এতদিন চার বছরের জন্য নিযুক্ত হলেও এবার থেকে অতিরিক্ত দু’বছর কাজ করার সুযোগ পাবেন তাঁরা। সব মিলিয়ে চাকরির মেয়াদ বেড়ে দাঁড়াবে ছ’বছর। এই প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভাও সম্মতি দিয়েছে বলে জানান তিনি। অতিরিক্ত দু’বছরের মেয়াদ শেষ হওয়ার পর আগ্রহী অগ্নিবীররা ভারতীয় সেনাবাহিনীতে স্থায়ীভাবে যোগ দেওয়ার সুযোগ পাবেন।

সিডিএসের কথায়, “অগ্নিবীরদের মধ্যে ২৫ শতাংশকে সেনাবাহিনীতে স্থায়ীভাবে নিয়োগ করা হয়। বাকি ৭৫ শতাংশের ক্ষেত্রে এবার আরও দু’বছর চাকরির সুযোগ তৈরি করা হয়েছে। তাঁদের বেতনও বাড়ানো হবে। চার বছরের সঙ্গে অতিরিক্ত দু’বছর মিলিয়ে মোট ছ’বছর কাজ করার পর তাঁরা চাইলে সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন।”

বেতন বৃদ্ধির বিষয়েও বিস্তারিত তথ্য দিয়েছেন সুব্রমণি। তাঁর বক্তব্য, অতিরিক্ত মেয়াদের প্রথম বছরে অগ্নিবীররা মাসে ৪৩ হাজার ৫০০ টাকা বেতন পাবেন। দ্বিতীয় বছরে সেই অঙ্ক বেড়ে হবে ৪৭ হাজার টাকা। তিনি আরও জানান, তিন বাহিনীর তরফে অগ্নিবীর প্রকল্প পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরেই প্রথম ব্যাচের অগ্নিবীরদের চার বছরের মেয়াদ শেষ হচ্ছে। তারপর শুরু হবে তাঁদের বাছাই প্রক্রিয়া।

কেন অগ্নিবীরদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল, তা ব্যাখ্যা করতে গিয়ে সিডিএস জানান, ভারতীয় সেনার তিন বাহিনীর প্রয়োজনের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। তাঁর মতে, সময়ের সঙ্গে যুদ্ধের ধরন দ্রুত বদলাচ্ছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে অস্ত্র পরিচালনার দক্ষতার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান ও সক্ষমতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে সেনাবাহিনীর তরুণ সদস্যদের আরও বেশি সময় ধরে প্রশিক্ষিত ও দক্ষ করে তোলার প্রয়োজন রয়েছে। এই কারণেই অগ্নিবীরদের চাকরির মেয়াদ বৃদ্ধি এবং ভবিষ্যতে তাঁদের সেনাবাহিনীতে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.