রাজনীতিরাজ্য

মমতার কালীপুজোর পদ্ধতি নিয়ে কটাক্ষ শুভেন্দুর, পণ্ডিতের কাছে শেখার পরামর্শ মুখ্যমন্ত্রীর

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীপুজোর রীতিনীতি নিয়ে সরাসরি কটাক্ষ করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ধুমধাম করে কালীপুজোর আয়োজন করা হয়। এবারও তার অন্যথা হয়নি। যদিও অন্যান্য বছরের তুলনায় এবার নেতা-নেত্রী ও তারকাদের উপস্থিতি ছিল কিছুটা কম। তবে নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে পুজো। আর সেই পুজোর পদ্ধতি নিয়েই এবার মমতাকে নিশানা করলেন শুভেন্দু।

সোমবার দিঘায় একটি কালীপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, “ওঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়) বলব, ফুল ছোড়ার পদ্ধতিটা একটু শিখে নিন। ওঁর বয়স হয়েছে, অনেক কিছু জানেন, সব বিষয়েই জানেন। তবে কোনও ভালো পণ্ডিতের কাছ থেকে বিষয়টি শিখে নেওয়া উচিত। নৃসিংহপ্রসাদ ভাদুড়ির কাছ থেকেও জেনে নিতে পারেন। ওঁর সঙ্গে তো ভালো সম্পর্ক রয়েছে। তিনি সরকারের কোনও একটি পদেও ছিলেন। তাঁর কাছ থেকে এই বিষয়গুলি শিখে নিতে পারেন।”

সোমবার দিঘা শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যবসায়ী সমিতির আয়োজিত কালীপুজোর আরতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এবছর ষষ্ঠ বছরে পা দিল এই পুজো। পটাশপুরের বিধায়ক তপন মাইতি এই পুজোর সভাপতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ দাস, বিধায়ক দিব্যেন্দু অধিকারী, বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল, জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা-সহ জেলার একাধিক নেতৃত্ব।

এদিনের অনুষ্ঠান থেকে পুলিশ প্রশাসন নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, পুলিশকে এবার অনেক বেশি স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। শুভেন্দু বলেন, “পুলিশকে দু’হাত খুলে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। পুলিশ কখনও আগে আক্রমণ করে না। কেউ পুলিশকে আক্রমণ করলে তারা পাল্টা পদক্ষেপ করে। এ ধরনের কিছু ঘটনার ক্ষেত্রে আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষা করতে হবে না। ধর্ষণ, সীমান্তে অশান্তি সৃষ্টি-সহ কয়েকটি নির্দিষ্ট ঘটনায় অবশ্য অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে। ফলে পুলিশ এখন অনেক বেশি স্বাধীনভাবে কাজ করতে পারছে, যে সুযোগ আগে ছিল না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.