বাগানের মাটির প্রায় ১৪ ফুট গভীরে একটি বাতিল বোয়িং ৭৩৭-৫০০ বিমানের দেহাংশ পুঁতে রেখেছেন ব্রিটেনের এক ইঞ্জিনিয়ার। শুধু শখের বসে নয়, এর পিছনে রয়েছে এক অভিনব পরিকল্পনা। তৈরি হচ্ছে আস্ত একটি ভূগর্ভস্থ আস্তানা, যা প্রয়োজনে পরিণত হতে পারে ‘ডুমসডে বাঙ্কারে’।
ডেভ বিলিংস নামে ওই ইঞ্জিনিয়ার প্রায় ৪ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় আনুমানিক ৫ লক্ষ টাকা) খরচ করে তিন টন ওজনের বিমানটির পরিত্যক্ত দেহাংশ কিনেছেন। তাঁর পরিকল্পনা, এই ভূগর্ভস্থ জায়গায় বিদ্যুৎ, পানীয় জল, বায়ু চলাচলের ব্যবস্থা এবং সৌরবিদ্যুতের বন্দোবস্ত করা।
যদিও প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো, জমায়েত ও পার্টি করার জন্যই এই অভিনব জায়গাটি তৈরি করছেন তিনি, তবে তাঁর দাবি, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এই বাঙ্কারে পরিবারকে নিয়ে টানা তিন থেকে ছ’মাস পর্যন্ত আশ্রয় নেওয়া সম্ভব।
সবচেয়ে চমকপ্রদ বিষয়, এই গোপন বাঙ্কারে প্রবেশের জন্য একটি ঐতিহ্যবাহী লাল রঙের ব্রিটিশ টেলিফোন বুথের আড়ালে লুকনো প্রবেশপথ তৈরির পরিকল্পনাও রয়েছে তাঁর!







