মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় ফের আইনি বাধা। ওয়াশিংটনের হোয়াইট হাউসের কাছেই পোটোম্যাক নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক ইস্ট পোটোম্যাক গল্ফ লিঙ্কসের সংস্কার ও পুনর্নির্মাণের কাজে আপাতত স্থগিতাদেশ জারি করল মার্কিন আদালত। শনিবার এই নির্দেশ দিয়েছেন মার্কিন জেলা আদালতের বিচারক আনা রেইস। আগামী দু’সপ্তাহের জন্য ওই গল্ফ কোর্সে কোনও ধরনের নির্মাণ বা সংস্কারকাজ করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এই ঐতিহাসিক গল্ফ কোর্সটিকে আন্তর্জাতিক মানের চ্যাম্পিয়নশিপ পর্যায়ের ভেন্যু হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন ট্রাম্প। রবিবার থেকেই প্রকল্পের কাজ শুরুর কথা ছিল। সেই উদ্দেশ্যে গল্ফ কোর্সটি প্রায় ১৫ মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে গত ফেব্রুয়ারিতে ডিসি প্রিজারভেশন লিগ এবং দুই স্থানীয় গল্ফ খেলোয়াড় এই প্রকল্পের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেন। সেই মামলার প্রেক্ষিতেই আপাতত ট্রাম্পের পরিকল্পনায় সাময়িক স্থগিতাদেশ দিল আদালত।







