কলকাতা

হাই কোর্টের নির্দেশে ফের ক্যামাক স্ট্রিটে দমকল, অভিষেকের অফিসের অগ্নিনির্বাপণ ব্যবস্থায় মিলল একাধিক খামতি

কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পরিদর্শনে গেলেন দমকল আধিকারিকরা। বৃহস্পতিবার তাঁদের সঙ্গে ছিল ক্যামাক স্ট্রিট থানার বিশাল পুলিশবাহিনী। অফিসের অগ্নিনির্বাপণ ব্যবস্থা আদৌ কতটা কার্যকর, তা খতিয়ে দেখেন দমকলের আধিকারিকরা। পরিদর্শনের পর বেশ কিছু ক্ষেত্রে ত্রুটি রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। এই সংক্রান্ত রিপোর্ট কলকাতা হাই কোর্টে জমা দেওয়া হবে বলে সূত্রের খবর।

তৃণমূলের রাজনৈতিক পালাবদলের পর ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের সামনে থাকা বিলবোর্ড খুলতে যান কলকাতা পুরসভার আধিকারিকরা। সেই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিষেকের অনুগামীদের সঙ্গে পুরসভার কর্মীদের সংঘর্ষ ও হাতাহাতির অভিযোগ ওঠে। এমনকী, পুলিশকর্মীদের উপরেও হামলা চালানোর অভিযোগ সামনে আসে। এই উত্তেজনার আবহেই ক্যামাক স্ট্রিটের ওই ভবনে পরিদর্শনে যান দমকল আধিকারিকরা। ছাদ থেকে শুরু করে বেসমেন্ট পর্যন্ত গোটা ভবন ঘুরে অগ্নিনির্বাপণ ব্যবস্থার পরিস্থিতি পরীক্ষা করেন তাঁরা। পরবর্তীতে ভবনের মালিকপক্ষকে নোটিস পাঠায় দমকল। সেখানে জানানো হয়, অভিষেকের অফিসে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। তাই অবিলম্বে ওই অফিস খালি করার নির্দেশ দেওয়া হয়।

দমকলের এই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলাটির শুনানি হয়। আদালত জানিয়ে দেয়, প্রয়োজন হলে ক্যামাক স্ট্রিটের অফিসে ফের পরিদর্শনে যেতে পারবেন দমকল আধিকারিকরা। তবে তার আগে নির্দিষ্টভাবে নোটিস দিতে হবে। সেই নোটিসে পরিদর্শনের দিন ও সময় উল্লেখ করাও বাধ্যতামূলক।

আদালতের নির্দেশ মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে পরিদর্শনের নোটিস পৌঁছে দেয় দমকল দপ্তর। জানানো হয়, বৃহস্পতিবার অভিষেকের অফিসে যাবেন আধিকারিকরা। সেইমতো এদিন দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ ক্যামাক স্ট্রিটের দপ্তরে পৌঁছন তাঁরা। ছাদ থেকে বেসমেন্ট পর্যন্ত প্রতিটি অংশ ঘুরে অগ্নিনির্বাপণ সংক্রান্ত পরিকাঠামো পরীক্ষা করা হয়। পরিদর্শনের পরও একাধিক ক্ষেত্রে খামতি রয়েছে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা। এবার সেই রিপোর্টই কলকাতা হাই কোর্টে জমা পড়ার অপেক্ষা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.