এক দেশ, এক নির্বাচন’এর লক্ষ্যে গড়া কমিটিতে থাকবেন না কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। কমিটির সদস্যপদ প্রত্যাখ্যান করেন তিনি। চিঠি লিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’কে এই কথাই জানিয়েছেন অধীর।
স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে অধীর চৌধুরী জানান, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গেকে কমিটিতে রাখা হয়নি। এদিকে প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকে রাখা হয়েছে। এটা ইচ্ছাকৃতভাবে সংসদীয় গণতন্ত্রকে অপমান।
উক্ত কমিটি নিয়ে যে নোটিফিকেশন জারি করা হয়েছিল সেখানে অন্তত ৮ জনের নাম ছিল। এএনআই সূত্রে খবর, সংশ্লিষ্ট কমিটিতে নাম ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস এমপি অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ ,পঞ্চদশ ফিনান্স কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এন কে সিং, লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল ডঃ সুভাষ সি কাশ্যপ, সিনিয়র অ্যাডভোকেট শ্রী হরিশ সালভে, প্রাক্তন চিফ ভিজিলান্স কমিশনার সঞ্জয় কোঠারি এই কমিটিতে রয়েছেন।
শুধু অধীর নন, দল হিসেবে কংগ্রেসের তরফেও কেন্দ্রের ঘোষিত কমিটির তীব্র বিরোধিতা করা হয়েছে। কংগ্রেসের তরফে প্রশ্নবাণ, কোন যুক্তিতে রাজ্যসভার বর্তমান দলনেতা মল্লিকাঅর্জুন খাড়্গেকে বাদ দিয়ে প্রাক্তন দলনেতা গুলাম নবি আজাদকে দলে টানা হল? খাড়্গে দলিত বলেই কি আপত্তি বিজেপি-আরএসএস-এর? উঠছে একাধিক প্রশ্ন।







