মূলত যানজটের সুবিধার্থে তৈরি হচ্ছে নয়া উড়ালপুল। চিংড়িঘাটা – নিউটাউন উড়ালপুলটির দৈর্ঘ্য ৬ কিমি। এতে ৪ টি লেন থাকবে। এই উড়ালপুলের একপ্রান্তে চিংড়িঘাটা আর অন্য প্রান্তে মহিষবাথান। এর ফলে কোনো ঝামেলা ছাড়া সহজেই নিউ টাউন থেকে সেক্টর ফাইভে যাওয়া যাবে।
উড়ালপুল নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের পূর্ত দপ্তরকে। এই বিষয়ে একটা DPR বা প্রোজেক্টের বিস্তারিত কর্মসূচি তৈরি করেছে কলকাতা মেট্রোপলিটন উন্নয়ন কর্তৃপক্ষ – কেএমডিএ। সূত্রের খবর, নির্মিত DPR এর চূড়ান্ত পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে খড়গপুর IIT কে।
দীর্ঘ এই ফ্লাইওভার টি তৈরির জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যসরকারের অভিযোগ, কেন্দ্রের তরফ থেকে কোনো সুবিধাই আশা করা যাচ্ছে না। সম্পূর্ণ খরচ বহন করবে রাজ্য। প্রাথমিকভাবে অনুমতি না দিলেও সম্প্রতি কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক এই উড়ালপুলটি তৈরির জন্য ছাড়পত্র দিয়েছে। সব কিছু ঠিক থাকলে সম্ভবত পূজোর আগেই টেন্ডার প্রকাশ করা হবে আর চলতি বছরেই নির্মাণকাজ শুরু হয়ে যাবে।







