রাজনীতি

রেল অবরোধ মামলায় বাঁকুড়ার সাংসদের নামে চার্জ গঠন

রেল অবরোধে যুক্ত থাকার পুরনো একটি মামলায় চার্জ গঠন হল সুভাষ-সহ বাঁকুড়ার এক বিজেপি নেত্রী মনীষা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।যদিও সুভাষ অবরোধে যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন।

লোকসভা নির্বাচনের আগে সময়টা ভাল যাচ্ছে না বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের।সুভাষের আপ্ত সহায়ক এবং বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি চাকরির নিয়োগে বেনিয়ম সংক্রান্ত একটি মামলায় মঙ্গলবারই আগাম জামিনের আবেদন খারিজ হয়েছে। আর বুধবার সুভাষ ও মনীষার বিরুদ্ধে ওই মামলারই চার্জ গঠন হয়।

রেলের তরফে আইনজীবী তথা বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বিল্লেশ্বর সিংহ বলেন,”২০১৬ সালের মার্চে বাঁকুড়ার ভাদুলের রেলগেট দিয়ে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করার বিরুদ্ধে রেল অবরোধ করে আন্দোলন করা হয়। ওই আন্দোলনে সুভাষ ও মনীষার যুক্ত থাকার অভিযোগ ওঠে। আরপিএফ এ নিয়ে মামলা করে। তদন্তের একটি রিপোর্টও আদালতে জমা দেওয়া হয় যেখানে ওই দুই নেতা-নেত্রীর নাম ছিল। তার পরিপ্রেক্ষিতেই এ দিন আদালতে মামলাটির চার্জ গঠন হয়েছে।”

বিল্লেশ্বর জানান, “অবৈধ ভাবে রেল অবরোধ-সহ কয়েকটি ধারায় চার্জ গঠন হয়েছে। এ বার ওই মামলার শুনানি শুরু হবে।”

২০১৬ সালে সুভাষ বিজেপির তত্‍কালীন রাজ্য সাধারণ সম্পাদক পদে ছিলেন। আর এদিকে সুভাষেরা কেন্দ্রে বিজেপি সরকার থাকা সত্ত্বেও কেন রেল অবরোধ আন্দোলনে নামলেন তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।সুভাষ জানান,”আমি কোনও ভাবেই ওই অবরোধ আন্দোলনে যুক্ত ছিলাম না। কিছু লোকজন রেল অবরোধ করছেন দেখে তাঁদের সাথে কথা বলে আন্দোলন তোলার চেষ্টা করছিলাম। স্থানীয় কিছু তৃণমূল নেতা আরপিএফকে দিয়ে জোর করে আমার নাম অবরোধকারীদের তালিকায় লেখায়। আদালতে ন্যায় বিচারই পাবো।”

সুভাষের অভিযোগ অস্বীকার করে তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র বলেন,”তৃণমূল কখনও তদন্তের বিষয়ে নাক গলায় না। রেল বা আরপিএফ কেন্দ্রের আওতাধীন। তাই ওই প্রশ্ন ওঠার সুযোগ নেই। বিজেপির নেতা-মন্ত্রীরা নিজের কাণ্ডকারখানাতেই মারপ্যাঁচে পড়ে ন্যূনতম বোধ-বুদ্ধি হারিয়ে ফেলছেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.