ঝাড়গ্রামের ক্ষিপ্ত হাতির হানায় মৃত্যু দুই বৃদ্ধের। সজন হারাদের পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, কলাইকুন্ডার দিক থেকে ১৫টি হাতির দল নয়াগ্রাম ব্লকের রামেশ্বর মন্দির সংলগ্ন দেউলবার দিকে যাচ্ছিল। সেই হাতির দলে একটি শাবক হাতিও ছিল। মাঝে সুবর্ণরেখা নদী পেরিয়ে যাবার সময় নদীতে জলের পরিমাণ বেশি থাকায় শাবকটি ডুবে যায়। মা হাতিটি পরে টেনে শাবকটিকে তুললেও মারা যায় শাবকটি।
মৃত শাবকটিকে দেখার জন্য স্থানীয় লোকজনরা ভিড় করতে থাকে। প্রথমে হাতিটি শাবকটিকে ছেড়ে যায়নি। পরে ওই ক্ষিপ্ত হাতি উদভ্রান্তের মত দৌড়তে থাকে। সবাই দৌড়াতে শুরু করলেও ওই দুই বৃদ্ধ দৌড়াতে সক্ষম হয়নি।
ক্ষিপ্ত মা হাতটি শুঁড়ে করে আছাড় মারে ওই দুই বৃদ্ধকে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এরপর রাস্তায় উঠে
যাত্রীবাহী বাস ও বাইকে ভাঙচুর চালায়।
বনদপ্তর সূত্রে খবর, বারবার স্থানীয় মানুষদের সতর্ক করার সত্ত্বেও কেও কথা শোনেনি। আর সেখানেই ঘটে বিপত্তি। মৃত দুই ব্যক্তির নাম শশধর মাহাত ও আনন্দ জানা। তারা দুজনেই বাছুরখোয়া এলাকার বাসিন্দা।
হাতির হানায় ক্ষতিগ্রস্থ বাড়িগুলি মেরামতের জন্য আর্থিক সাহায্য দেবার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মৃত দুই বৃদ্ধের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন।







