এবার আন্দামানে চুক্তিতে স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের। আন্দামান-নিকোবর প্রশাসনের আইনজীবীর উদ্দেশে বিচারপতি শুভ্রা ঘোষ প্রশ্ন তুলেছিলেন, যাঁরা অস্থায়ী ভাবে আগে থেকেই কাজে যুক্ত, তাঁদের সরিয়ে নয়া অস্থায়ী কর্মী নিয়োগের হেতু কী? সদুত্তর মেলেনি। যার জেরে নয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ জারি করল উচ্চ আদালত।
উল্লেখ্য, রেজিনা রহমান-সহ ১৩ জন আন্দামানের বাসিন্দা কলকাতা হাইকোর্টে মামলা করেন। মামলাকারীদের অভিযোগ, কেন্দ্রশাসিত আন্দামানের মেডিকেল ও প্যারা মেডিকেলে কর্মী নিয়োগে দুর্নীতি বর্তমান। আন্দামান-নিকোবর অ্যাডমিনিস্ট্রেশনের অন্তর্গত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীর নিয়োগ নিয়ে প্রশ্নও তোলেন মামলাকারীরা।
আগে থেকে কর্মরত মামলাকারীদের যাবতীয় বিষয়াদি বিবেচনা না করা অবধি নতুন করে নিয়োগ করা যাবে না বলেই নির্দেশদান বিচারপতির।
রেজিনা রহমান-সহ বেশ কয়েকজন আন্দামান-নিকোবরে ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে চুক্তির ভিত্তিতে কর্মী হিসেবে নিয়োগ হন। সেখানকার বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্যই উপরোক্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল।







