ভোরবেলা উঠে স্নান করে শাড়ি পরে দেবী সরস্বতীর পায়ে অঞ্জলি দিয়েই ছুটতে ছুটতে এসে রান্না করা। দুপুরের কোনরকম এক প্রস্থ রান্না শেষ হলেই, এদেশীদের ক্ষেত্রে আবার গোটা সিদ্ধ তো আছেই। চটজলদি হয় এমন খিচুড়ির সন্ধান করতে গিয়ে ভুনি খিচুড়ির কথা জানতে পারা গেল। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই খিচুড়ি বানাতে কি কি উপকরণ লাগে।
উপকরণ:-
গোবিন্দভোগ চাল: ১ কাপ
সোনামুগ ডাল: ১ কাপ
সর্ষের তেল: ৩ টেবিল চামচ
ঘি: ৩ টেবিল চামচ
তেজপাতা: ২টি
শুকনো লঙ্কা: ৩টি
গোটা জিরে: ১ চা চামচ
দারচিনি: এক টুকরো
এলাচ: ৪টি
লবঙ্গ: ৬টি
আদা বাটা: ১ টেবিল চামচ
কাজু: ৩ টেবিল চামচ
কিশমিশ: ২ টেবিল চামচ
নুন: স্বাদ অনুযায়ী
চিনি: স্বাদ অনুযায়ী
টম্যাটো: ১টি
জল: ৪ কাপ
জিরে গুঁড়ো: ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো: আধ চা চামচ
পদ্ধতি:-
* কড়াইতে প্রথমে সমপরিমাণ তেল ও ঘি দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে এবং গোটা জিরে ফোড়ন দিন।
* একটু নাড়াচাড়া করার পর তার ভেতর দিন টমেটো কুচি তারপর দিন আদা বাটা।একে একে দিয়ে দিন হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো। সঙ্গে দিন কাজু এবং কিশমিশ।
* ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখার চাল এবং ডাল ঢেলে দিন। কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দিন।
* চাল এবং ডাল সুন্দরভাবে মিশে গিয়ে গন্ধ বেরোলে জল দিন। জল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে চাল এবং ডালের মাপ। জল যেন বেশি না হয়, চাল-ডালের দ্বিগুণ মাপের জল দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন জলও শুকিয়ে যায়।
* যে কোন খিচুড়ি তৈরি করার সময় নিচে লেগে যাওয়ার প্রবণতা থাকে।তাই চাল-ডাল সেদ্ধ হওয়ার মাঝেমাঝেই ভাল করে নাড়াচাড়া করতে হবে। সব শেষে উপর থেকে ঘি ছড়িয়ে এবং গরমমশলা ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভুনি খিচুড়ি। পাঁচ রকম ভাজার সঙ্গে গরম গরম পরিবেশন করুন ভুনি খিচুড়ি।







