“বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন”। পশ্চিমবঙ্গ সরকার ও পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মত,জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের তত্ত্বাবধানে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার জামালপুর ব্লকের অন্তর্গত বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ে একটি একদিনের মনোজ্ঞ কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল।
কর্মশালার বিষয় ছিল ‘কন্যা সন্তান বাঁচাও’। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ঋত্বিক ঘোষ এবং বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শ্যামল কুমার রায়। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন,যুগ্মভাবে ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং প্রধান শিক্ষক মহাশয়। তাঁদেরকে সহযোগিতা করেন স্কুল হেলথ প্রোগ্রামে সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ। উদ্বোধনী সংগীত পরিবেশন করে দশম শ্রেণীর ছাত্রী, ঊষশ্রী দে এবং নৃত্য পরিবেশন করে স্নেহা রুইদাস। ঋত্বিক বাবু বলেন, লিঙ্গ বৈষম্য দূর করতে দরকার চেতনায় পরিবর্তন। তাই সমাজের ভবিষ্যত নাগরিকদের সচেতন করার চেষ্টা করা হলো। প্রধান শিক্ষক, শ্যামল কুমার রায় এই কর্মশালার কেন্দ্র হিসেবে বনবিবিতলা উচ্চ বিদ্যালয়কে নির্বাচন করার জন্য স্বাস্থ্য দপ্তরকে ধন্যবাদ জানান। আর বলেন যে এই সহশিক্ষা মূলক উচ্চ বিদ্যালয় ছাত্র ছাত্রীদের চেতনায় পরিবর্তনে সদা সচেষ্ট।







