গত সোমবার দুপুর থেকে শোকের ছায়া পূর্ব বর্ধমানের কাঞ্চন নগরের চট্টোপাধ্যায় পরিবারে। তাকাতে পারছেন না পরিবারের সদস্যরা কেউ কারো মুখের দিকেও। খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে প্রায়।
একসময় বাবুলাল চট্টোপাধ্যায় ভ্যানে মাল ঠেলে অতিকষ্টে পড়াশুনা করিয়েছিলেন ছেলেকে। বিশ্বাসই করতে পারছেন না সোমবার কলকাতা হাইকোর্টের রায়ে চাকরিহারা প্রায় ২৬ হাজার জনের তালিকায় নামও রয়েছে তাঁর ছেলেরও।
ঘটনার পর থেকে বৃদ্ধ বাবুলালের ছেলে সুদীপ্ত চট্টোপাধ্যায়। বলছিলেন, “ঘুষ নিয়ে চাকরি কেনার মতো অত টাকা কোথায় আমাদের? সংসারের ভার সামলাতে পড়াশোনার ফাঁকে একসময় বাবার সঙ্গে ভ্যানও ঠেলেছি। নিজের যোগ্যতায় পাওয়া চাকরিটা এভাবে চলে গেল! বাড়িতে বৃদ্ধ বাবা-মা। মা হৃদরোগে আক্রান্ত। মাসে ৬ হাজার টাকার ওষুধ লাগে। কো অপারেটিভের লোনও রয়েছে।”
বিদ্যালয়ের শিক্ষকতার আগে একটি কলেজের আংশিক শিক্ষক ছিলেন সুদীপ্ত। বিদ্যালয়ের চাকরিটা পাওয়ার পর স্বচ্ছলতা এসেছিল পরিবারে।
সুদীপ্তর এক ছেলে এক মেয়ে। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। কিভাবে এই সমস্ত খরচ সামলাবেন তাই নিয়ে হতাশ হয়ে পড়েছেন তিনি।বলছিলেন, “এভাবে যোগ্যতার চাকরি কেড়ে নেওয়া হল! জানি না, ঈশ্বর কী লিখে রেখেছেন! বেঁচে থাকতে আবার হয়তো ভ্যান ঠেলতে হবে!”







