মুম্বাই: সইফ আলি খান কি নিজের হাত থেকে স্ত্রী করিনা কপূরের নাম লেখা ট্যাটু মুছে ফেলেছেন? এই প্রশ্ন ঘিরে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে সমাজমাধ্যমে। সম্পর্কের শুরুর দিকে সইফ তার বাঁ হাতে করিনার নাম লেখা ট্যাটু করিয়েছিলেন। কিন্তু সম্প্রতি সইফের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দেখা গেল সেই ট্যাটু উধাও!
নতুন ট্যাটুতে করিনার নাম সরিয়ে ফেলা হয়েছে, নাকি নামের উপরেই নতুন নকশা করে তা ঢেকে দেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সইফের নতুন ট্যাটু দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের ধারণা, দাম্পত্য জীবনে কি ফাটল দেখা দিয়েছে?
কারণ, কয়েকদিন আগেই সইফ ও করিনার একটি রোমান্টিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। নিজেদের কর্মক্ষেত্রে যাওয়ার আগে দুজনে একে অপরকে চুমু খাচ্ছিলেন। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনেও তাদের মধ্যে উষ্ণতা কমেনি বলেই মনে হচ্ছিল।
তবে সূত্রের খবর অনুযায়ী, সইফের একটি নতুন ছবির শুটিং চলছে। ছবিতে তার চরিত্রের জন্যই এই বিশেষ ট্যাটু করা হয়েছে। শুধুমাত্র চরিত্রের প্রয়োজনেই এই ট্যাটু করিয়েছেন বলে জানা গেছে। সইফের হাতে করিনার নাম লেখা ট্যাটু আসলে যথাস্থানেই রয়েছে। করিনার নামের উপরেই এই সাময়িক ট্যাটু করা হয়েছে। শুটিং শেষ হলে নতুন ট্যাটু মুছে ফেলা হবে এবং পুনরায় করিনার নাম লেখা ট্যাটুর দেখা মিলবে সইফের হাতে।
সুতরাং, স্পষ্টতই সইফ-করিনার দাম্পত্য সম্পর্ক এখনও অটুট। ট্যাটু নিয়ে তোলপাড় থাকলেও, তারা একে অপরের প্রতি অনুগত এবং সুখী।







