সন্দেশখালি কাণ্ড নিয়ে বছরের শুরু থেকেই উত্তাল গোটা রাজনৈতিক মহল তথা রাজ্য। আর এই কাণ্ডের অন্যতম প্রতিবাদী মহিলা ছিলেন রেখা পাত্র। আর আজ তিনি বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী। আর আজ বসিরহাট আদালত থেকে বের হওয়ার সময় শাহজাহান তার মন্তব্য ছুড়লেন বিজেপি প্রার্থী রেখা পাত্রের দিকে। ‘‘তিন লক্ষের বেশি ভোটে হারবে রেখা পাত্র। যে রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে গ্রেফতার করা হয়েছিল তা সফল হবে না।’’ এদিন পুলিশের ভ্যানে বসেই তিনি বলেন, ‘‘মিথ্যা কেস দিয়েছে। রাজনীতি চরিতার্থ করতে আমাকে গ্রেফতার করা হয়েছিল। সবটাই প্রমাণ হবে।’’
৫ জানুয়ারি ইডির উপর যে হামলা হয়, তারপর বারবার ফিরে এসেছে সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের নাম। টানা ৫৫ দিন ধরে তার খোঁজ চললেও টিকিরও দেখা পাওয়া যায়নি। যদিও শেষ পর্যন্ত গভীর জলের মাছ ধরা করে জালে। তারপর জল গড়িয়েছে অনেকদূর। এই সন্দেশখালি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে বঙ্গ রাজনীতির আঙিনায়।
বিজেপি সন্দেশখালি ইস্যু নিয়ে তৃণমূলকে চাপে রাখতে কোনও সুযোগই হাতছাড়া করেনি। তবে ধীরে ধীরে ক্রমেই এই ইস্যু আঞ্চলিক হয়ে উঠেছে জাতীয়। এই ইস্যুতে সুর চড়াতে ছাড়েননি খোদ নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ। অন্যদিকে মমতাও ছেড়ে কথা বলেননি। এরইমধ্যে আবার সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বসিরহাটের প্রার্থী করে বড় চমক দিয়ে দিয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূল নেতা হাজি নুরুল ইসলাম লড়ছেন ঘাসফুল শিবিরের হয়ে।







