রাজ্য

সিবিআই মামলায় জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত! মানতে হবে দুটি শর্ত।

গরু পাচার মামলায় অবশেষে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে জামিন দিল সুপ্রিম কোর্ট। গরু পাচার মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘কেষ্ট’।সুপ্রিম কোর্টের নির্দেশ, অনুব্রতকে তদন্তে সহযোগিতা করতে হবে এবং তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে।

সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ গরু পাচার সংক্রান্ত সিবিআই মামলায় জামিন দিল অনুব্রতকে। একইসঙ্গে জামিনের অন্যতম শর্ত হিসেবে বলা হয়েছে, কোনও অবস্থাতেই তদন্তকে প্রভাবিত করবেন না অনুব্রত। কোনও ভাবেই প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করতে পারবেন না। শুধু তাই নয়, অনুব্রত মন্ডল নিম্ন আদালতের মামলা অনাবশ্যক দীর্ঘ করার জন্য কোনও আবেদন করতে পারবেন না।

মঙ্গলবার জামিন মামলার শুনানিতেও অনুব্রতের আইনজীবী মুকুল রোহতগি আদালতে বলেন, ”এই মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হক জামিন পেয়েছে। কিন্তু কিসের ভিত্তিতে আমার মক্কেলকে আটকে রাখা হচ্ছে। এখনও বিচারপ্রক্রিয়া শুরু হয়নি। যদি অভিযোগ থাকে তবে বিচারপ্রক্রিয়া শুরু করুক।” বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের উদ্দেশে প্রশ্ন করে, ”কবে থেকে বিচারপ্রক্রিয়া শুরু হবে?” তার উত্তরে সিবিআইয়ের আইনজীবী এসভি রাজু আদালতে জানান, খুব শীঘ্রই বিচারপ্রক্রিয়া শুরু হবে।

প্রসঙ্গত, ২০২২ সালের ১১ অগাস্ট বীরভূমের নীচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকেই গ্রেফতার হয়েছিলেন অনুব্রত। তাঁকে প্রথমে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারের পর প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল কেষ্টকে। পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে। তখন থেকে তিহাড়েই বন্দি অনুব্রত। এই একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও তাঁকে গ্রেফতার করেছিল। এরপর গ্রেফতার হন তাঁর মেয়ে সুকন্যাও। বর্তমানে সুকন্যাও তিহাড়ে বন্দি। তবে, সিবিআই-এর মামলায় অনুব্রতর জামিন হওয়ায় এবার অন্য মামলাগুলিতেও জামিনের সম্ভাবনা তৈরি হল। একইসঙ্গে জামিনের সম্ভাবনা বাড়ল সুকন্যারও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.